
শেষ আপডেট: 28 December 2023 22:51
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে শেষ হাসি লিওনেল মেসির। তাঁর হাতে বিশ্বসেরা কাপ উঠেছে। তিনি ছিলেন দুরন্ত ছন্দে। কিন্তু দেশের হয়ে না পারলেও ক্লাবের হয়ে মেসিকে গোলের দিক থেকে ছাপিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সৌদি প্রো লিগে বুধবার আল ইত্তিহাদের বিরুদ্ধে জিতল আল নাসের। ম্যাচটি ৫-২ গোলের বিশাল ব্যবধানে জেতে আল নাসের। খেলার ১৪ মিনিটের মাথায় হামদাল্লাহর গোলে এগিয়ে গিয়েছিল আল ইত্তিহাদ। ঘরের দলের সেই উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি পায় আল নাসের। গোল করেন রোনাল্ডো।
পর্তুগিজ মহাতারকা ম্যাচের ৬৮ মিনিটে আরও একটি গোল করেন পেনাল্টি থেকে। তাতে করে চলতি বছরে নিজের ৫২ এবং ৫৩টি গোলের দেখা পেয়ে যান রোনাল্ডো। সবমিলিয়ে চলতি বছরে ৫৮ ম্যাচে ৫৩ গোল করেছেন ৩৮ বছরের কিংবদন্তি। এবার বিশ্ব ফুটবলে এত গোল কেউ করতে পারেননি। হ্যারি কেন, কিলিয়ান এমবাপে, আরলিং হালান্ড সকলেই করেছেন ৫০ গোল।
গতবছর ভাল কেটেছে মেসির। তিনি জিতেছেন ফ্রেঞ্চ লিগ শিরোপা, নতুন ক্লাব ইন্টার মিয়ামিতেও শিরোপার দেখা পেয়েছেন। জিতেছেন ব্যালন ডি’অর।
মেসিকে টপকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের বর্ষসেরা ফুটবলার হয়েছেন আরলিং হালান্ড।
সেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক মেসি হয়েছেন তৃতীয়। মেসি ও ফ্রান্সের তারকা এমবাপেকে টপকে বর্ষসেরা হন নরওয়ের তারকা হালান্ড। যিনি ব্যালন ডি’অরেও মেসির প্রধান প্রতিপক্ষ ছিলেন।