প্রায় চল্লিশ বছর বয়সেও অবিশ্বাস্য বাইসাইকেল কিকে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেরিয়ারের অন্যতম সেরা এই গোল ঘিরে ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

রোনাল্ডোর বাইসাইকেল কিক
শেষ আপডেট: 24 November 2025 10:36
দ্য ওয়াল ব্যুরো: ডান দিক থেকে ভাসানো ক্রস। নির্বিষ। অন্য যে কেউ হলে চেস্ট–ডাউন করত। তারপর হয় ডিফেন্সের ফাঁক খুঁজে শট হাঁকাত, তাতে গোল হত কিংবা হত না, নয়তো পাস বাড়াত সতীর্থদের দিকে।
যেহেতু খেলোয়াড়ের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), হয়তো তাই তিনি সুবিধাজনক কোনও রাস্তা বাছলেন না। বদলে নিলেন ঝুঁকি। বয়স ৪০ পেরিয়েছে। এক ম্যাচে খানিক জৌলুস কম ঠেকলেই ওঠে অবসরের গুঞ্জন, সংশয়ীদের সিসিটিভি পিছু পিছু ঘোরে, তবু বাতাসে ভাসতে থাকা বলকে নীচে নামতে না দিয়ে নিজেই ভল্ট মারলেন শূন্যে। অবিশ্বাস্য এক ঝাঁপ! গোটা শরীরকে বিচিত্র ভঙ্গিমায় ভাসিয়ে দিয়ে সেই অবস্থায় সজোরে কিক! কেউ বলবেন ‘ওভারহেড’, কারও চোখে ‘বাইসাইকেল (Bicycle Kick)’, টার্ম যাই হোক, দুরন্ত ভলিতে মারা শট গোলকিপারের হাত ছুঁয়ে জড়িয়ে গেল জালে। আল নাসর (Al-Nassr)–এর হয়ে এই অ্যাথলেটিক কায়দাতেই কাল জীবনের অন্যতম সেরা গোলটি করে ফেললেন রোনাল্ডো।
ম্যাচের প্রেক্ষাপটও আকর্ষক। সৌদি প্রো লিগের (Saudi Pro League) ম্যাচে আল খালিজ (Al Khaleej)–এর বিরুদ্ধে ৪–১ জয়ের শেষ মুহূর্তে এসেছিল এই গোল। তার আগেই আল নাসর এগিয়ে ছিল। জোয়াও ফেলিক্স (Joao Felix) ৩৯ মিনিটে প্রথম গোল করেন। এরপর ৪২ মিনিটে ওয়েসলি (Wesley) ব্যবধান বাড়ান ২–০। বিরতির পর আল খালিজের মুরাদ আল–হাওসাভি পালটা গোল দিলেও স্পটলাইট কেড়ে নেন রোনাল্ডো। ৭৭ মিনিটে সাদিও মানে (Sadio Mane) দলের তৃতীয় গোল করেন। তারপরই ইনজুরি টাইমে সিআরসেভেনের ‘সিনেমাটিক’ বাইসাইকেল।
‘F*ck it, I’m Cristiano Ronaldo.’
pic.twitter.com/9hnN3D6UOo— TC (@totalcristiano) November 23, 2025
রোনাল্ডো যে শুধু বয়সকে হারিয়ে দিচ্ছেন তা নয়, তিনি এখনও বিশ্বের শীর্ষ স্টেজে প্রতিযোগিতামূলক। কয়েক দিন আগেই দেশের হয়ে খেলতে গিয়ে লাল কার্ড দেখেছেন আয়ারল্যান্ড ম্যাচে, আবার কয়েক দিন পরে বিশ্বকাপের (World Cup 2026) যোগ্যতা নিশ্চিত করার আনন্দে মেতেছেন। সব ঠিক থাকলে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে নামবেন।
আপাতত অনুরাগীরা মজে দুর্দান্ত গোলে। অনেকেরই মনে পড়ে গেল সেই বিখ্যাত ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের গোল, যখন রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে জুভেন্তাসের (Juventus) বিরুদ্ধে একই কায়দায় বাইসাইকেলে নেটে বল জড়িয়েছিলেন। সাত বছরের ব্যবধানেও জেল্লা এতটুকু ফিকে হয়নি, বুঝিয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা!
এই এক গোলেই আল নাসর ছুঁয়ে ফেলল ইতিহাসও, টানা ৬২ ম্যাচে গোল করার নজির। লিগে এখনও অপরাজিত, ৯ ম্যাচে ৩০ গোল। রোনাল্ডোর নিজের ফর্মও তুঙ্গে, খিদে পুরোনো দিনের মতোই টগবগে।