
হারের পরে মাঠে বসেই কান্না রোনাল্ডোর।
শেষ আপডেট: 1 June 2024 19:41
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনি একবার বলেছিলেন, যে কোনও কাজেই আবেগ দরকার হয়, সেটিকে নিয়ন্ত্রণ করে যে বাজিমাত করে, সেই আসল চ্যাম্পিয়ন।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আবেগ তো দরকারই যে কোনও স্তরেই, না হলে জেতার ইচ্ছে থাকবে না, হারার কষ্ট মনকে স্পর্শ করবে না।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেখালেন আবেগ দেখাতে কোনও দেশ লাগে না, মহাদেশের গণ্ডি ছুঁতে হয় না। সেটি একেবারে স্বতঃসিদ্ধ ব্যাপার। তিনি নিজে পর্তুগিজ, কিন্তু কতটা পেশাদার হলে আল নাসেরের হারে তিনি বিদীর্ণ হয়েছেন, সেটি দেখল ফুটবল দুনিয়া।
সৌদি আরবে দেড় মরশুম কাটিয়ে ফেলেছেন। তিনি এরমধ্যে গোলের নানা রেকর্ড গড়লেও ক্লাবটিকে খেতাব এনে দিতে পারেননি, যে কারণে তিনি রক্তাত্ম হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন।
সৌদি প্রো লিগের বিজয়ীর ট্রফি আগেই জিতে নিয়েছে আল হিলাল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর দল আল নাসের লিগ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। আল হিলালের সঙ্গে লিগে পেরে ওঠেনি রোনাল্ডোর ক্লাব।
Look what Al Hilal has done to Ronaldopic.twitter.com/K1HU30KVa9
— Troll Football (@TrollFootball) May 31, 2024
লিগ হারিয়ে আল নাসের স্বপ্ন দেখছিল কিংস কাপ নিয়ে। এই টুর্নামেন্টের ফাইনালে সেই আল হিলালকেই প্রতিপক্ষ হিসেবে পেল আল নাসের। রোনাল্ডো আশা করেছিলেন, দেড় বছরে অন্তত এই ট্রফি ক্লাবকে দিতে পারবেন। কিন্তু তিনি পারলেন না।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই করে টিকে থাকলেও টাইব্রেকারভাগ্য সহায় হয়নি আল নাসেরের। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। এরপর পেনাল্টি শ্যুটআউটে আল নাসেরকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কিংস কাপ জিতে নেয় আল হিলাল। যে ক্লাবে নাম লিখিয়েছিলেন নেমার, কিন্তু তিনি চোটের কারণে পুরো মরশুম জুড়েই খেলেননি।
ম্যাচ হেরে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি সিআর সেভেন। মাঠের মধ্যে চিৎ হয়ে শুয়ে অঝোরে কাঁদতে শুরু করেন পর্তুগিজ তারকা। দলের অন্যান্য খেলোয়াড় ও টিম স্টাফরা সান্ত্বনা জানালেও রোনাল্ডোর কান্না যেন থামছিলই না। শেষমেশ সতীর্থরা তাঁর গলায় রানার্সআপ মেডেল পরিয়ে একটি বেঞ্চে বসিয়ে দেন। এবং কেউ কেউ তাঁর চোখের জল মুছিয়ে দিয়েছেন।
রিজার্ভ বেঞ্চে বসেও অঝোরে কেঁদেছেন রোনাল্ডো। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এই অসীম আবেগের ভিডিও ভাইরাল হয়ে গেছে। ৩৯ বছর বয়সেও ফুটবল নিয়ে এতটা আবেগ থাকতে পারে, সেই দৃষ্টান্ত দেখালেন তিনি। ব্যর্থতার মধ্যেও শিক্ষা দিলেন কিংবদন্তি।