
শেষ আপডেট: 2 November 2023 13:16
দ্য ওয়াল ব্যুরো: ২০১১ সালে ২ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইতিহাস তৈরি করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। বিপক্ষে ছিল শ্রীলঙ্কা। তাদের হারিয়েই বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। বৃহস্পতিবার সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে। এই ম্যাচ জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় রোহিতরা। অন্যদিকে, শ্রীলঙ্কাও চাইবে এই ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে।
শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার্দিক পান্ডিয়াকে পাবে না ভারত। বুধবারই তা নিশ্চিত করেছেন অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শ্রীলঙ্কার বিরুদ্ধে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না রোহিত। তাই এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের খেলার সুযোগ কম। তবে কয়েকটি ক্রীড়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ম্যাচে অশ্বিনকে খেলানো হতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে, অশ্বিন খেললে প্রথম একাদশ থেকে কে বাদ যাবেন? প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে, জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি যে ফর্মে আছেন, তাঁদের বাদ দেওয়ার প্রশ্নই উঠছে না। যদি অশ্বিনকে খেলানো হয় এই ম্যাচে তবে মহম্মদ সিরাজের বদলে নামানো হতে পারে।
ওয়াংখেড়ের পিচ ব্যাটিং ও বোলিং দুইই সহায়ক। এই পিচে পেসাররা ভাল বল সুইং করাতে পারবেন। অন্যদিকে, স্পিনারও সুবিধা পাবেন। ব্যাটাররাও ভাল রান করতে পারবেন এই পিচে। যদি ব্যাটাররা ধৈর্য ধরতে পারেন, তবে বড় রান করতে পারবেন অবশ্যই। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, যে দলই টস জিতুক না কেন, প্রথমে বোলিং করতে চাইবে।
খেলার সময় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে শিশির পড়বে মাঠে। তবে শিশির এই ম্যাচে বড় ফ্যাক্টর হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।