
শেষ আপডেট: 13 November 2023 22:54
দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে ভারতের বিজয়রথ ছুটছে নিজের গতিতে। যেখানে অন্যান্যদের রথ একবার হলেও থমকেছে, সেখানে রোহিত শর্মার নেতৃত্বে ভারত হয়ে উঠেছে 'অপ্রতিরোধ্য'! বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বসতে চলেছে এক কঠিন পরীক্ষায়। সেমির পরীক্ষা পাশ করতে পারবেন তো রোহিতরা? এই চিন্তাই এখন সর্বত্র!
১৯৭৫ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হয়েছিল। সেই প্রথম বিশ্বকাপ থেকেই ভারত খেলছে। কিন্তু সেই সময় ভারতীয় ক্রিকেট ততটাও 'পরিণত' নয়। বিশ্ব ক্রিকেটে তখন চলছিল ক্যারিবিয়ান ঝড়। সেই ১৯৭৫ সাল থেকে ২০২৩ সাল, মোট ১৩ বার ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছে। তার মধ্যে চলতি বিশ্বকাপকে ধরলে আটবার সেমিফাইনালে উঠেছে ভারত। এই পরিসংখ্যান যথেষ্ট আশাপ্রদ। তবে এর আগে মাত্র ৩ বার সেমিফাইনালের গণ্ডি পেরোতে পেরেছে ভারত!
১৯৮৩ সাল, কপিল দেবের নেতৃত্বে ভারত ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যায়। এই বিশ্বকাপের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট নিয়ে এত উন্মাদনা ছিল না ভারতীয়দের মধ্যেই। এই বিশ্বকাপের আগে ভারত শুধুমাত্র একটি দেশকেই হারাতে পেরেছিল, সেটা হল ইস্ট আফ্রিকা। যা বিশ্ব ক্রিকেটের মানচিত্র থেকে উধাও হয়ে গেছে।
'৮৩-র বিশ্বকাপের সেমিফাইনাল ভারত খেলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ড থেমে যায় ২১৩ রানে। সেই প্রথম ইংল্যান্ডকে হারিয়ে ভারত বিশ্বকাপ ফাইনালে ওঠে। শুধু তাই নয় ইতিহাস তৈরি করেন কপিল দেবরা। বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে নেয় ভারত।
তারপর থেকেই ভারতীয় ক্রিকেটে যেন প্লাবন আসে। ১৯৮৭ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। সেবারও ভারত সেমিফাইনালে উঠেছিল। তবে ১৯৮৩ সালে যেটা কপিল দেবরা পেরেছিলেন, '৮৭ সালে সেটা পারল না ভারতীয় ছেলেরা। ইংল্যান্ডের কাছে সেমিতে হেরে বিদায় নেয় তারা।
ভারত ফের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ১৯৯৬ সালে। সেবার ইডেনে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল তারা। সেই 'অভিশপ্ত' দিনের কথা আজও ভুলতে পারেননি বিনোদ কাম্বলি। ম্যাচ হেরে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন তিনি।
২০০৩ সালের বিশ্বকাপের কথা এখনও অনেকের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে নতুন ভারতকে দেখেছিল বিশ্ববাসী। সেমিফাইনালে ওঠেন সৌরভরা। সেমিতে কেনিয়াকে হারিয়ে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছয়। যদিও অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের।
এবার আসা যাক ২০১১ সালের বিশ্বকাপের কথায়। সেবারও ভারতে বসেছিল বিশ্বকাপের আসর। মোহালিতে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল। সেই বিশ্বকাপে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ক্রিকেটের ইতিহাসে নাম লিখে ফেলে ভারত।
২০১৫ ও ২০১৯ পরপর দুই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠে ভারত। তবে কোনওবারই সেমির সীমানা পেরিয়ে ফাইনালের দরজা খুলতে পারেনি ভারতীয় দল। ২০১৫ সালে সেমিফাইনালে ভারত হারে অস্ট্রেলিয়ার কাছে। আর ২০১৯ সালে ভারতকে হার মানতে হয় নিউজিল্যান্ডের কাছে।
ফের একবার বিশ্বকাপ ফাইনালে ওঠার দরজায় দাঁড়িয়ে আছে ভারত। সামনে রয়েছে নিউজিল্যান্ড। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে নাকি নতুন ইতিহাস রচিত হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।