
শেষ আপডেট: 9 April 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো: বাংলা ক্রিকেটের হালফিলে পারফরম্যান্স ভাল নয়। রঞ্জি ট্রফিতে গতবার কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল। বাংলা ১৯৮৯-৯০ মরশুমেই শেষ রঞ্জি জিতেছিল। তারপরে তিনবার ফাইনালে উঠেও খেতাব জোটেনি।
জুনিয়র স্তরেও বহুদিন সাফল্য নেই। বিজয় মার্চেন্ট ট্রফি কিংবা পলি উমরিগড় ট্রফিতেও বাংলার উল্লেখযোগ্য সাফল্য নেই। একটা সময় বাংলা ক্রিকেটে ভিশন টি ২০ প্রজেক্ট চালু হয়েছিল। সেইসময় কোচ করা আনা হয় ভিভিএস লক্ষ্মণ থেকে শুরু করে ওয়াকার ইউনিস, কিংবা স্পিনার হিসেবে আনা হয় মুরলীধরন বা নরেন্দ্র হিরওয়ানিকে।
ভিশন টি ২০ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট ছিল। বাংলা ক্রিকেটে সাপ্লাই লাইন তৈরি হয়েছিল। আবারও সেরকম একটি ভাবনা নেওয়া হয়েছে। ২০২৫ সালের ভিশন সামনে রেখে সিএবি আবারও চাইছে বাইরে থেকে প্রাক্তন তারকাদের নিয়ে এসে পরামর্শ হিসেবে নিয়োগ করা। সেই তালিকায় পেসার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার নামী প্রাক্তন চামিণ্ডা ভাস। যিনি সব ধরনের পিচে সফল হওয়ার নজির দেখিয়েছেন।
ব্যাটিংয়ে বাইরে থেকে নয়, বরং মনোজ তিওয়ারিকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। মনোজ গতবারই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁকে তরুণ ক্রিকেটারদের জন্য ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হতে পারে। সবটাই অবশ্য আলোচনার স্তরে রয়েছে। আইপিএল শেষ হলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার ভাস একটা সময় কলকাতা ময়দানে পি সেন ট্রফিতে খেলে গিয়েছিলেন। তিনি বঙ্গ ক্রিকেট নিয়ে কিছুটা হলেও ওয়াকিবহাল। সবথেকে বড় বিষয়, বাংলা ক্রিকেটে সেইভাবে আর পেস বোলার উঠছে না, এটিও একটি চিন্ডার বিষয়। ঈশান পোড়েল বলুন কিংবা আকাশদীপ, মুকেশ কুমারদের সার্ভিস আর বেশিদিন পাবে না বাংলা। মুকেশ, আকাশদীপ, সামিরা তাও বাংলার ভূমিপুত্রও নন।