
চন্দ্রকান্ত পণ্ডিত
শেষ আপডেট: 31 March 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: হোম অ্যাডভান্টেজ, আরও ভেঙে বললে, ‘মনের মতো উইকেট’ পাওয়া-না পাওয়া বিতর্কে দলের অধিনায়কের পাশেই দাঁড়ালেন নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। জানালেন, ঘরের মাঠের বাড়তি সুবিধা পেলে তাঁরা দল হিসেবে খুশিই হবেন।
বিতর্কের সূত্রপাত বেঙ্গালুরু ম্যাচের পর। ইডেনে ওই ম্যাচ হেরে সরাসরি পিচকে দুষেছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। সাফ জানান, এরপর থেকে ঘরের মাঠে স্পিনার-বান্ধব বাইশ গজ পেলে ভাল লাগবে। যদিও এইও ইস্যুতে একশো আশি ডিগ্রি উলটো দিকে দাঁড়ান পিচ কিউরেটর সুজন ব্যানার্জি। স্পষ্ট জানান, ইডেনে যথেষ্ট ঘূর্ণি উইকেট ছিল। যার ফায়দা নিতে ব্যর্থ হয়েছেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা।
প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও এই বিতর্কে যোগ দেন। কেকেআর শিবিরের পক্ষ নিয়ে জানান, হোম টিম হিসেবে নাইট রাইডার্স ম্যানেজমেন্টের হক রয়েছে পছন্দসই উইকেট চাওয়ার। আর কিউরেটরের কাজও সেটাই। ম্যাচ বিশ্লেষণ কিংবা পরাজয়ের কারণ ব্যাখ্যার জন্য তিনি মাইনে পান না।
এতকিছুর পরেও নিজের মতে অনড় থাকেন সুজন। বিসিসিআইয়ের ম্যানুয়েল বের করে গতকাল জানান, পিচ তৈরির ক্ষেত্রে হোম টিম কোনওভাবেই নাক গলাতে পারে না। আইপিএল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট—সব জায়গাতেই একই নিয়ম। বোর্ডের চিফ কিউরেটরই এই ইস্যুতে শেষ কথা বলবেন। তিনি যাবতীয় বিতর্ক মোটেও গায়ে মাখছেন না। যা বলার সেটা বোর্ড ও সিএবিকে বলবেন।
এই নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল নাইট দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কাছে। যদিও সাংবাদিকদের সওয়ালের জবাবে খুব একটা আগ্রাসী শোনায়নি তাঁর গলা। বদলে কিছুটা রক্ষণাত্মক রীতিতেই উত্তর দিয়েছেন তিনি। চন্দ্রকান্ত বলেন, ‘কোচ ও টিম ম্যানেজমেন্ট হিসেবে আমাদের যে উইকেট দেওয়া হবে, সেখানেই আমরা খেলতে রাজি। কিউরেটর সবকিছুর নিয়ন্ত্রক। কে কী করবে কিংবা কী করা উচিত—এই নিয়ে আমি বলার কেউ নই। আমরা দল হিসেবে আগামি ম্যাচেই ফোকাস রাখতে চাই।‘
এরপর যদিও সাংবাদিকরা তাঁকে আরেকটু চেপে ধরেন। সরাসরি প্রশ্ন রাখা হয়—সত্যিই কি ফ্র্যাঞ্চাইজিদের হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ চাওয়ার অধিকার রয়েছে? আইপিএলের সমস্ত দল স্টেডিয়াম লিজ বাবদ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে থাকে। তাই স্বাভাবিকভাবেই কি তারা পছন্দসই উইকেট চাইতে পারে না?
এর জবাবে কিছুটা হলেও খোলস ছেড়ে বেরিয়ে আসেন পণ্ডিত। বলেন, ‘এর মানে এই নয় যে আমাদের পিচ প্রস্তুতিতে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তবে এটা ঠিক যে, কোচ, টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক হিসেবে আমরা চাইব আমাদের কিছু দেওয়া হবে। এর বেশি কিছু নয়।‘