ওপেনিং থেকে বড় সুবিধা না পেলেও, সময়ের হিসেবে এগিয়ে ছিলেন। মিডল গেমে গিরি ম্যাচে ফেরার চেষ্টা করেন। কিন্তু এন্ডগেমে টেক্কা দেন প্রজ্ঞানন্দ।

শেষ আপডেট: 30 March 2026 13:28
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বচ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার মঞ্চ। সেই ক্যান্ডিডেটস টুর্নামেন্টের (Candidates Tournament 2026) প্রথম দিনেই জোরালো বার্তা ভারতের। ছেলেদের বিভাগে দেশের একমাত্র প্রতিনিধি আর প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa) বুঝিয়ে দিলেন, তিনি শুধু অংশ নিতে নয়, লড়তে এসেছেন। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের অনীশ গিরিকে (Anish Giri) হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নেন দক্ষিণী দাবাড়ু। শুধু তাই নয়, আমেরিকার ফাবিয়ানো কারুয়ানা (Fabiano Caruana) ও উজবেকিস্তানের জাভোখির সিন্দারভের (Javokhir Sindarov) সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এলেন তরুণ গ্র্যান্ডমাস্টার। লড়াই সবে শুরু। কিন্তু প্রাথমিক ইঙ্গিত ভারতীয় সমর্থকদের মনে আশা জাগাবে।
প্রথম চালেই চমক, নিখুঁত পরিকল্পনা
লড়াই সহজ ছিল না। অনীশ গিরি ঝুঁকিহীন, ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবে পরিচিত। তাঁকে ভাঙা সহজ নয়। কিন্তু প্রজ্ঞানন্দ যে আলাদা পরিকল্পনা নিয়ে নেমেছেন, প্রথম কয়েকটি চালেই সেটা স্পষ্ট হয়ে ওঠে। গ্র্যান্ড প্রিক্স অ্যাটাক (Grand Prix Attack) দিয়ে সিসিলিয়ান ডিফেন্সের (Sicilian Defense) বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানান তিনি।
ওপেনিং থেকে বড় সুবিধা না পেলেও, সময়ের হিসেবে এগিয়ে ছিলেন। মিডল গেমে গিরি ম্যাচে ফেরার চেষ্টা করেন। কিন্তু এন্ডগেমে টেক্কা দেন প্রজ্ঞানন্দ। সময়ের চাপে অনীশ খেই হারাতেই রুক এন্ডগেমে করা ভুলের সুযোগ নেন। তারপর স্রেফ ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করার পালা!
কারুয়ানার বার্তা, নাকামুরা চাপে
প্রথম রাউন্ডে সবচেয়ে বড় চমক যদিও ফাবিয়ানো কারুয়ানার (Fabiano Caruana) জয়। প্রতিপক্ষ শক্তিশালী হিকারু নাকামুরা (Hikaru Nakamura)। মিডলগেম পর্যন্ত লড়াই ছিল সেয়ানে-সেয়ানে। কিন্তু ঠিক তারপর ছন্দহারা নাকামুরা। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন কারুয়ানা। নিখুঁত হিসেব কষে এন্ডগেমে জয় নিশ্চিত করেন। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট যে তিনি, প্রথম দিনেই তার প্রমাণ মিলল।
সিন্দারভের উত্থান, বাকিদের ড্র
পাশাপাশি নজর কাড়লেন উজবেকিস্তানের জাভোখির সিন্দারভ (Javokhir Sindarov)। আন্দ্রে এসিপেঙ্কোর (Andrey Esipenko) বিরুদ্ধে ছিনিয়ে নিলেন দুর্দান্ত জয়। এদিন ট্যাকটিক্যাল দক্ষতায় প্রতিপক্ষকে বারবার চাপে ফেলেন তিনি। অন্য ম্যাচে জার্মানির ম্যাথিয়াস ব্লুবাউম (Matthias Bluebaum) ও চিনের ওয়েই ইয়ের (Wei Yi) খেলা ড্র হয়েছে।
জোর লড়াই মেয়েদের বিভাগে
মেয়েদের বিভাগে (Women’s Candidates) ভারতের প্রতিনিধি দিব্যা দেশমুখ। (Divya Deshmukh) ইউক্রেনের আন্না মুজিচুকের (Anna Muzychuk) বিরুদ্ধে তাঁর লড়াই অমীমাংসিত। উল্লেখযোগ্যভাবে, শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেওয়ার সুযোগ পেলেও দিব্যা ফায়দা নিতে ব্যর্থ হন! আরেক ভারতীয় আর বৈশালী (R Vaishali) কঠিন প্যাঁচে পড়েও বিবিসারা আসাউবায়েভাকে (Bibisara Assaubayeva) রুখে দেন। অদ্ভুতভাবে, এই বিভাগে সমস্ত ম্যাচ ড্র হয়েছে। গোরিয়াচকিনা, লাগনো, ঝু জিনার, তান ঝংই—কেউই প্রথম দিন ঝুঁকি নেননি।