
শেষ আপডেট: 14 December 2023 13:22
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার নামী অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কিডনির জটিল রোগে আক্রান্ত। আচমকা তাঁর এই সমস্যা নয়, বরং জন্মের পর থেকেই এই সমস্যা ছিল। তিনি ক্রনিক কিডনির রোগে ছোটবেলা থেকেই ভুগছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনকে দেওয়া সাক্ষাৎকারে ক্যামেরন বলেছেন, আমি ছোটবেলা থেকেই কিডনির রোগে ভুগছি, আমাকে টানা ওষুধ খেয়ে যেতে হয়। কিন্তু মাঠে খেলতে নামলে সেই সমস্যা থাকে না। সেইসময় মনে হয় আমি একজন সম্পূর্ণ ফিট ক্রিকেটার।
এই তরুণ ক্রিকেটারের বাবা গ্যারি গ্রিন বলেছেন, ‘ছোটবেলায় আমার ছেলেকে চিকিৎসকরা দেখে বলেছিলেন ও ১২ বছরের বেশি বাঁচবে না। কারণ ওর কিডনি কৃত্রিমভাবে সচল রাখা আছে। কিন্তু আমার ছেলের মনের জোরে আমরা সকলেই মুগ্ধ। ওর জীবনে একটাই কথা, যতদিন বাঁচব, ভাল করে বাঁচব।’
ক্যামেরন দেশের হয়ে ২৩টি ওয়ান ডে, ২৪টি টেস্ট ও ২০টি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলে ফেলেছেন। জাতীয় দলের তিনি নামী সদস্য। এমনকী আইপিএলের বাজারেও ক্যামেরনের নাম রয়েছে। তিনি ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে, তাঁকে লোনে নিয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। এবারও তিনি খেলবেন।
ক্যামেরনের মা বিয়া ট্রেসি গ্রিনও বলেছেন, আমার ছেলেকে জন্মের পরেই ইনকিউবেটরে রাখতে হয়েছে। একটা সাদা তুলোর মধ্যে ওকে ঢেকে রাখা হয়েছিল। একটু বড় হতেও সমস্যা কমেনি। কিন্তু ছোটবেলাতেই ওকে যোগ ব্যায়ামে ভর্তি করে দিয়েছিলাম। ওটা করে ওর আত্মবিশ্বাস ও শরীর গঠন ভাল হয়েছিল। তবে এখনও ছেলে সম্পূর্ণ সুস্থ হয়নি। বরং এই ক্রনিক রোগের দ্বিতীয় পর্যায়ে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যামেরনের কিডনি এই মুহূর্তে ৬০ শতাংশ ভাল কাজ করছে। কিন্তু জীবন যে সুরক্ষিত নয়, সেটিও তাঁরা আভাস দিয়েছেন।
এই গুরুতর সমস্যার পরেও অজিদের দলের নামী তারকা তিনি। দলের সকলের ভরসা তো বটেই, আইপিএলেও তাঁর পারফরম্যান্স বেশ ভাল। বাঁচলে রাজার মতো বাঁচা, সেটা ক্যামেরনকে দেখলেই পরিষ্কার হয়ে যাবে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও এগিয়ে চলেছে ঠিক রাজার মতোই!