
শেষ আপডেট: 18 June 2018 08:18
দ্য ওয়াল ব্যুরো: সিআরসেভেন, লিও মেসির মতো আটকে গেলেন নেইমার। স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনার ড্র এবং রবিবাসরীয় সন্ধ্যায় জার্মানির হারের পর প্রথম ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ড্র করল ব্রাজিল। গতবার ৭ গোলের দুঃস্বপ্ন নিয়ে শেষ করে এ বারের শুরুটাও খুব একটা সুখকর হলো না সেলেকাওদের।
খেলার শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে নেয় সাম্বা ব্রিগেড। একের পর এক আক্রমণ আছড়ে ফেলে প্রতিপক্ষের বক্সে। ১১ মিনিটের মাথায় নেইমারের সাজানো মাইনাস থেকে পাউলিনহোর প্লেসিং অল্পের জন্য বাইরে যায়। ব্রাজিল আক্রমণ এবং বল দখলে এগিয়ে থাকলেও মাঝে মাঝেই কাউন্টারে আসে সুইৎজারল্যান্ড। বেশ কয়েকবার সেলেকাও বক্সে ত্রাহি ত্রাহি রব ফেলে দেয় স্যুইস ফরওয়ার্ডলাইন। এর মধ্যেই ২০ মিনিটের মাথায় টপ বক্সের একটু উপরে কোণ থেকে অসামান্য ইনসুইং-এ ব্রাজিলকে এগিয়ে দেন কুটিনহো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মার্সেলোর কর্ণার থেকে থিয়াগো সিলভার হেডার অল্পের জন্য বার উঁচিয়ে চলে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় ব্রাজিল। একটা সময় গোটা সুইৎজারল্যান্ড টিমের ৯ জন ফুটবলার নেমে আসে রক্ষণে। এরপর আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোয় শাকিরি, ভ্যালনরা। ৫০ মিনিটে ঠিকানা লেখা কর্ণার থেকে সুইৎজারল্যান্ডের হয়ে গোল শোধ করেন যুবের। এরপর থেকে আক্রমণ সংগঠিত হলেও তা থেকে গোল তুলে আনতে পারেননি জেসাস, নেইমাররা। ফার্নান্দিনহো, রেনাটো, ফিরমিনহোদের নামিয়েও গোলের মুখ খুলতে পারেনি ব্রাজিল।
এ দিনের ম্যাচে আলাদা করে নজর ছিল নেইমারের উপর। বল ধরে গোটা টিমকে নেতৃত্ব দিলেও গোটা খেলায় প্রায় দশবার কড়া ট্যাকলের মুখে পড়তে হয় তাঁকে।
এ দিন ব্রাজিলের ড্রয়ের পর অনেকেই বলছেন রাশিয়ার মাটিতে যা শুরু হয়েছে তাতে তথাকথিত বড় দলগুলির জন্য শুভ নয়। পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, জার্মানির ধারাবাহিকতাই যেন বজায় রাখল ব্রাজিল। প্রথম ম্যাচের পর পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে আর্জেন্টিনার উপর ক্রোয়েশিয়া, জার্মানির উপর মেক্সিকো, পর্তুগাল ও স্পেনের উপরে রয়েছে ইরান। এ বার ব্রাজিলের ড্রয়ের জন্য গ্রুপ ‘ই’র শীর্ষে এখন সার্বিয়া। দ্বিতীয় ম্যাচ থেকে এই দলগুলি ঘুরে দাঁড়ায় নাকি বিশ্বকাপের ইতিহাসে রাশিয়া বিশ্বকাপ বড় দলের বিপর্যয়ের বিশ্বকাপ হিসাবেই থেকে যাবে এখন সেটাই দেখার।