
শেষ আপডেট: 16 June 2018 10:01
বিমানবন্দর থেকে গ্যাব্রিয়েল জেসাস, ফিরমিনহোদের নিয়ে বাস রওনা দিল হোটেলের দিকে। আর বাস থেকে নেমে হোটেলে ঢুকলেও ব্রাজিল টিমের কোনও ফুটবলার গেলেন না নিজের ঘরে। হোটেলের লাউঞ্জের টিভির সামনে সোফায় বসে পড়লেন নেইমার, জেসাস। বাকিরা দাঁড়িয়ে রইলেন। সঙ্গে সাপোর্ট স্টাফেরাও। প্রত্যেকের ঘরেই টিভি আছে তবু ঘরে যাওয়ার কয়েক সেকেন্ড নষ্ট করে চান না কেউ। তাই নাচোর ইনস্টেপে স্পেনকে এগিয়ে দেওয়ার গোল থেকে ৮৮ মিনিটে সিআরসেভেনের ফ্রিকিক। সবটাই উপভোগ করলেন সেখানে দাঁড়িয়ে।
ভারতীয় সময় রবিবার রাতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে সাম্বা ব্রিগেড। গতবারে নিজেদের দেশের মাটিতে একরাশ লজ্জা নিয়ে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল ব্রাজিলকে। একদিকে নেইমারের চোট আর অন্য দিকে জার্মানির বিরুদ্ধে ৭ গোল হজম ভেঙে খানখান করে দিয়েছিল ব্রাজিলীয়দের মন। তারপর সময় এগনোর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে ফুটবলের দেশ। আস্তে আস্তে টিমে আনা হয়েছে পরবর্তী প্রজন্মকে। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে ফিনিশ থেকে ফিনিক্স হওয়ার স্বপ্ন বুনছে গোটা জাতি। সঙ্গে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা অগুনতি সমর্থক।