
শেষ আপডেট: 18 April 2024 16:19
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা বিশ্বকাপ ১৯৯৪। সেই বিশ্বকাপ রাঙিয়ে দিয়েছিলেন রোমারিও-বেবেতো-মাজিনহো। তাঁদের সেই গোল উৎসব মনে রয়েছে? দলের এক সতীর্থের সদ্যোজাত সন্তানের জন্য ওই বেবি সেলিব্রেশন করেছিলেন। দু’হাত দিয়ে বাচ্চাকে যেমন দোল খাওয়ায়, গোল করার পরে সেইভাবে তাঁরা উচ্ছ্বাস দেখাচ্ছিলেন।
বেবেতো ও মাজিনহোসহ সেই দলের বাকিরা অবসরে চলে গেলেও রোমারিও ফের মাঠে ফিরছেন। ৫৮ বছর বয়সে ওই ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার হিসেবে মাঠে ফিরছেন। রিও ডি জেনেইরোর আমেরিকা ফুটবল ক্লাবের হয়ে দ্বিতীয় ডিভিশন লিগ খেলবেন।
এই দ্বিতীয় ডিভিশন ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন রোমারিও। এবার তিনি ফুটবলার হিসেবে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন। ১৮ মে থেকে শুরু হবে দ্বিতীয় ডিভিশন লিগ। এই ক্লাব দলটি রোমারিওর ছেলে রোমারিনহোকে চুক্তি করিয়েছে। এবার দেখার পালা বাবা ও ছেলে একইসঙ্গে মাঠে নামেন কিনা।
আচমকা কেন তিনি ফুটবলার হয়ে খেলবেন? এই প্রশ্নের জবাবে রোমারিও জানিয়েছেন, ‘‘আমি এই ক্লাবের প্রতি কৃতজ্ঞ। আমি তরুণ বয়সে এই ক্লাবে জীবন শুরু করেছিলাম। তাই পারিশ্রমিক ছাড়া খেলে ক্লাবের পাশে থাকতে চাই। কারণ আমি খেললে এখনও মাঠে দর্শক আসবে, টিকিট বিক্রি হলেও সেটি ক্লাবের পক্ষে ভাল।’’
এই নিয়ে রোমারিও ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। তাতে বিশ্বকাপজয়ী ব্রাজিলের মহাতারকা লিখেছেন, ‘‘আমি ব্রাজিল লিগের কিছু ম্যাচ খেলব বলে মনস্থির করেছি। তাতে আমি ও আমার ছেলে একইসঙ্গে মাঠে নামব, এটা আমার কাছে স্বপ্নের মতো বিষয়, আপনারা কী বলেন!’’
২০০৯ সালে শেষ কোনও অফিসিয়াল ম্যাচ খেলেছিলেন রোমারিও। এর ঠিক ৫ বছর পরে রিও ডি জেনিইরোর সিনেটর নির্বাচিত হন তিনি। ছোটবেলায় ভাস্কো দা গামা ক্লাবের হয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন রোমারিও। এরপর ডাচ লিগে পিএসভি আইন্দহোভেন ও লা লিগায় বার্সেলোনার হয়ে সোনার সময় খেলেছেন।