
শেষ আপডেট: 17 November 2023 15:03
দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে ব্যর্থতার পরে এবার বিশ্বকাপ বাছাই পর্বেও হার ব্রাজিলের। টানা দ্বিতীয়বার হারের স্বাদ নিল সাম্বা দল। অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত খেলেও ১-২ গোলে কলম্বিয়ার কাছে হারতে হয়েছে ব্রাজিলকে।
শুক্রবার মাঠে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের চার মিনিটেই গ্রাব্রিয়েল মার্টিনেলির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে বক্সের মাঝখান থেকে ডানপায়ের দুর্দান্ত শটে গোলটি করেন এই ব্রাজিল ফরোয়ার্ড।
দলকে সমতায় ফেরানোর জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। তবে ব্রাজিলের রক্ষণভাগ জমাট ছিল বলে সেইসময় বিপদ হয়নি। নেমারের মতো তারকা না থাকার খেসারত দিচ্ছে ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে যায় দু’দল। এবার ব্রাজিলের লক্ষ্য ব্যবধান বাড়ানো। আর কলম্বিয়ার লক্ষ্য সমতায় ফেরা।
ম্যাচের ৭৫ মিনিটে ১-১ গোলে দলকে সমতায় ফেরান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। ক্রিশ্চিয়ান বরজার ক্রসে দুর্দান্ত হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন তিনি। এরপরেই খেলার রং বদলে যায়।
চার মিনিট পর ফের ব্রাজিল গোল হজম করেছে। এবারও দিয়াজের সেই দুর্দান্ত হেড। জেমস রডরিগেজের ক্রস থেকে হেড দিয়ে গোলটি করেন দিয়াজ। তারপর কয়েকবার আক্রমণ করলেও ব্রাজিল আর গোল শোধ করতে পারেনি।
লাতিন আমেরিকা বাছাইপর্বে ৫ ম্যাচ খেলে ২টিতে জয় ও ২টি হেরেছে ব্রাজিল। একটিতে ড্র করেছে ফার্নান্দো ডিনিজের শিষ্যরা। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। অপরদিকে ব্রাজিলকে তৃতীয় স্থান থেকে সরিয়ে সেই স্থানটি নিয়েছে কলম্বিয়া।