দ্য ওয়াল ব্যুরো: শাহিদ আফ্রিদি (Shahid Afridi) এখনও ক্রিকেট খেলছেন, জানাই যেত না যদি না বাংলা টাইগার্স (Bangla Tigers) তাঁকে দলে না রাখত।
আসন্ন আবুধাবি টি-টেন লিগের (T 10 League) জন্য তারকাবহুল শক্তিশালী দল গড়েছে বাংলা টাইগার্স। এই দলের মালিক বাংলাদেশের।
আইপিএল জনপ্রিয় হওয়ার পর থেকে বিভিন্ন দেশে চলছে এই মশলা ক্রিকেট। যাঁরা অনেকদিন আগে খেলা ছেড়ে দিয়েছেন, অথচ নামী তারকা ছিলেন, তাঁদের নিয়ে দল গড়েছে এই ফ্রাঞ্চাইজি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টি-টেন লিগের আসর বসবে আবুধাবিতে। এবারের আসরের জন্য আগেই ফাফ ডু প্লেসিকে অধিনায়ক ও আইকন ঘোষণা দিয়েছিল বাংলা টাইগার্স। দলের কোচ নির্বাচিত হয়েছেন স্ট্রুয়ার্ট ল, যিনি এর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। বোলিং কোচ করা হয়েছে প্রাক্তন পেসার শন টেইটকে।
আরও পড়ুন: নীরজের টোকিওর বর্শা নিলামে উঠল দেড় কোটিতে, সবাই অনেক পিছনে
এবার প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মহম্মদ সঈফউদ্দিনকে দলে নিয়েছে তারা। এবারের টি-টেন লিগে সঈফউদ্দিনই থাকছেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে। এছাড়া ড্রাফটে নাম ছিল সাব্বির রহমানেরও।
সঈফউদ্দিন ছাড়াও অলরাউন্ডার হিসেবে রয়েছেন শাহিদ আফ্রিদি, জেমস ফকনার, বেনি হাওয়েলদের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখদের দলে নিয়েছে বাংলা টাইগার্স। এছাড়া বাঁহাতি পেসার মহম্মদ আমিরকেও দলে নিয়েছে তারা।
টি-টেন লিগের এবারের মরসুমে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস, শ্রীলঙ্কা ইসুরু উদানা, আফগানিস্তানের কাইস আহমেদ ও আরব আমিরশাহীর চিরাগ সুরিকে দলে রেখে দিয়েছে বাংলা টাইগার্স। অধিনায়ক ও আইকন হিসেবে তারা দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসিকে।
এদিকে, আরবে যে সব বাংলাদেশীরা রয়েছেন, যারা বিত্তশালী, তারাই এই দলটি গড়ার পরিকল্পনা নিয়েছেন। তাঁদের ব্যবসা মূলত জাহাজ কেন্দ্রীক।
এই ফ্রাঞ্চাইজির মালিক মহম্মদ ইয়াসিন চৌধুরী এক বার্তায় জানিয়েছেন, আমরা সবাই মিলে বসেই দলগঠন সেরেছি, সেখানে কোচরাই ক্রিকেটার নির্বাচন করেছেন, আমরা যেহেতু টেকনিক্যাল লোক নই, তাই তাঁদের ওপরই সবটা ছেড়ে দিয়েছিলাম। তাঁরাই ভালমানের একটা দল গড়েছেন।
বাংলা টাইগার্স দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক ও আইকন), শাহিদ আফ্রিদি, মহম্মদ আমির, জেমস ফকনার, বেনি হাওয়েল, জনসন চার্লস, হজরত জাজাই, ইসুরু উদানা, আন্দ্রে ফ্লেচার, উইল জ্যাকস, কাইস আহমেদ, মাথিশা পাথিরানা, মহম্মদ সঈফউদ্দিন, হাসান খালিদ, উইল স্মিদ, সাবির রাও, অ্যাডাম লিথ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'