
শেষ আপডেট: 9 December 2023 17:40
দ্য ওয়াল ব্যুরো: বিজয় হাজারে সর্বভারতীয় ওয়ান ডে টুর্নামেন্টের শেষ আটে স্থান করে নিল লক্ষ্মীরতন শুক্লার বাংলা। তারা আট উইকেটে হারিয়ে দিয়েছে অক্ষর প্যাটেলের গুজরাতকে।
শনিবার সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে টসে জিতে বিপক্ষ দলকে ব্যাটিং করতে পাঠান বাংলা অধিনায়ক সুদীপ ঘরামি। গুজরাত প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ২৮৩ রান। বিনিময়ে সুদীপ ও অনুষ্টুপ মজুমদারের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে বাংলা দুই উইকেট হারিয়েই জয়ের রান (২৮৬) তুলে ম্যাচ জিতে নিয়েছে।
সুদীপ করেছেন ১৩২ বলে ১১৭ রান, যার মধ্যে রয়েছে ন’টি চার ও দুটি ছক্কা। পাশাপাশি বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ ১০২ রান করেছেন ৮৮ বল খেলে, তিনি মারেন একটি ছয় ও ১০টি বাউন্ডারি।
জয়ের জন্য ২৮৪ রান তাড়া করতে নেমে বাংলার ওপেনার হাবিব গান্ধীর উইকেট হারাতে হয় মাত্র তিন বলেই। তারপর অভিষেক পোড়েল (৪৭) ও অধিনায়ক সুদীপ দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৬ রান। অভিষেক কুন্ঠন প্যাটেল ফেরাতেই জুটি গড়েন সুদীপ ও অনুষ্টুপ। দুই সিনিয়র তারকাই বাংলাকে জয়ের তিরে পৌঁছে দিয়েছেন। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা করেছেন অবিচ্ছেদ্য ২০৯ রান।
গুজরাতের প্রিয়ঙ্ক পাঞ্চাল অবশ্য ট্র্যাজিক নায়ক থেকে গেলেন। তিনি ১০১ রান করেন। এমনকী দলের পক্ষে উমঙ্গ কুমার (৬৫) ও সৌরভ চৌহান (৫৩) ভাল খেললেও বাংলার বোলারদের মধ্যে দারুণ ছন্দে ছিলেন প্রদীপ প্রামাণিক, মহম্মদ কাইফরা। অভিষেক ম্যাচে সুমন দাস দুটি উইকেট নিয়েছেন বাংলার পক্ষে।