
শেষ আপডেট: 16 April 2024 14:38
দ্য ওয়াল ব্যুরো: ১৬ বছর ধরে আইপিএল খেলে নামের পাশে বড়সড় একটা অশ্বডিম্ব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা ব্যর্থ হয়েছে আইপিএলের জন্মলগ্ন থেকে। ২০০৮ সাল থেকে শুরু হয়েছে আসর, তারপর বহু জল গড়িয়ে গিয়েছে গঙ্গা-যমুনা দিয়ে, কিন্তু আরসিবি চ্যাম্পিয়ন হতে পারেনি।
এবারও চলতি আইপিএলে সাতটি ম্যাচের মধ্যে ছ’টি ম্যাচেই হেরেছেন বিরাট কোহলিরা। আর এই ঘটনায় খুবই হতাশ টেনিস কিংবদন্তি মহেশ ভূপতি। সোশ্যাল মিডিয়ায় তিনি বোর্ডের উদ্দেশে লিখেছেন, বেঙ্গালুরু দলটিকে দ্রুত বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করা হোক। একটা ফ্রাঞ্চাইজির হাতে দেওয়া হোক, যারা স্পোর্টস ভেঞ্চার একই সঙ্গে চালাবে। তাদের নিজস্ব কোচিং টেকনিক থাকবে, নিজস্ব অ্যাকাডেমি থাকবে, সবটাই। যেমন বাকি দলগুলির ক্ষেত্রে রয়েছে! না হলে অদূর ভবিষ্যতেও সাফল্যে আসবে না।
মহেশেরও শহর বেঙ্গালুরু, এই দলের প্রতি তাঁরও বাড়তি ভালবাসা রয়েছে। কিন্তু যেভাবে কোহলিরা টানা ব্যর্থ হচ্ছেন, তাতে তিনিও হতাশ ও অভিমানীও। তাই বিকল্প পথের কথা বলেছেন টেনিসের এই প্রাক্তন তারকা।
মাইকেল ভনও জানিয়েছেন, ক্রিকেট যে একেবারেই ব্যক্তিগত মুনশিয়ানার খেলা নয়, সেটি বারবার প্রমাণ করে বেঙ্গালুরু। ওদের দলে সবাই তারকা, সবাই নিজেদের স্থান ঠিক রাখার জন্য পারফরম্যান্স করে যাচ্ছে। কিন্তু টিমগেম হিসেবে খেলা, সেটা বেঙ্গালুরু বোঝেই না, তাই তাদের দিনের পর দিন এই হাল!