
রোহিত ব্যাট করার সময় আচমকাই নিভে গেল আলো
শেষ আপডেট: 10 February 2025 12:54
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারত ইতিমধ্যে অপ্রতিরোধ্য ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটা কটকের বরাবাটি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। কিন্তু, এই ম্যাচ চলাকালীন আচমকাই ফ্লাডলাইটের আলো নিভে যায়। এই বিপত্তির কারণে বেশ খানিকক্ষণ ম্যাচ বন্ধ রাখতে হয়। ইতিমধ্যে গোটা বিষয় নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। কী কারণে নিভেছিল আলো, অবশেষে কারণটা সামনে এসেছে।
জয়ের জন্য ৩০৫ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। সপ্তম ওভারের প্রথম বলটা হতে না হতেই আচমকা মাঠের একটি ফ্লাডলাইট দপদপ করতে শুরু করে। কিছুক্ষণ পর ওই স্ট্যান্ডের পঞ্চত্বপ্রাপ্তি ঘটে। বিষয়টা টেকনিক্যাল ত্রুটি হলেও, ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুখ যে এই ঘটনায় কালিমালিপ্ত হয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।
মাঠেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। কিন্তু, আলো না ফেরার কারণে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। আম্পায়ারের সঙ্গে আলোচনা করার পর শুভমানকে নিয়ে মাঠ ছাড়েন তিনি। ততক্ষণে বিসিসিআই আধিকারিকরা বেশ নড়েচড়ে বসেন। কেন খেলা চলাকালীন আলো নিভে গেল, তা নিয়ে শুরু হয় তদন্ত। আর সেই তদন্তের রিপোর্টেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ফ্লাডলাইটগুলো জেনারেটরের সাহায্যে জ্বালানো হয়েছিল। কিন্তু, আচমকা সেই জেনারেটর বিগড়ে যায়। আর সেকারণেই আলো নিভে গিয়েছিল।
জানা গিয়েছে, বহু চেষ্টার পরও ওই জেনারেটর সারানো সম্ভব হয়নি। শেষপর্যন্ত সেগুলো রিপ্লেস করা হয়েছে। অবশেষে প্রায় আধঘণ্টা পর (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট) ফের শুরু হয় খেলা। যদিও এই সমস্যার কোনও প্রভাব ভারতীয় ব্যাটারদের উপর পড়েনি।
এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে আবারও বিধ্বংসী মেজাজে দেখতে পাওয়া গেল। মাত্র ৭৬ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে একটি ঝকঝকে শতরান। শেষপর্যন্ত ১১৯ রানে তিনি আউট হয়ে যান। পাশাপাশি টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমান গিলও ৬০ রান করেন। অবশেষে টিম ইন্ডিয়া এই ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করেছে।