
জাতীয় ক্রিকেট দলের সতীর্থদের সঙ্গে সহেলি
শেষ আপডেট: 11 February 2025 23:14
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত হলেন বাংলাদেশের মহিলা ক্রিকেটার সহেলি আখতার। জানা গিয়েছে ২০২৩ সালে টি-২০ বিশ্বকাপ চলাকালীন তিনি এই গড়াপেটা করেছিলেন। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার ইতিমধ্যে নিজের দোষ কবুল করেছেন। আইসিসি-র শৃঙ্খলাভঙ্গ করার জন্য তাঁকে ৫ বছর নির্বাসিত করা হয়েছে। জানা গিয়েছে, ২০৩০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সহেলির নির্বাসন লাগু থাকবে।
ঘটনাটি ২০২৩ সালের। ঢাকার সংবাদমাধ্যম যমুনা টিভি একটি অডিও ক্লিপিং ফাঁস করে। অভিযোগ, সেখানেই দুই ক্রিকেটারের মধ্যে ম্যাচ গড়াপেটা নিয়ে আলোচনা করা হচ্ছিল। অভিযোগ, লতা মণ্ডল নামে একজন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আইসিসি-র এই মেগা ইভেন্টে সহেলিকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দিয়েছিল। কিন্তু, সহেলি এই অভিযোগ অস্বীকার করেছিল। বলেছিল, তাঁদের কথাবার্তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
পরে অবশ্য সহেলি স্বীকার করেছে যে সোশ্যাল মিডিয়ায় একজনের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল। তাঁর সঙ্গে একাধিকবার তর্কাতর্কি হয়। ৩৪ বছর বয়সি এই ক্রিকেটার জানিয়েছিলেন যে বিষয়টি তিনি বাংলাদেশ ক্রিকেট দলের এক সতীর্থকে জানিয়েছিলেন। সে বোর্ডের কাছে গোটা ব্যাপারটা জানিয়ে দেয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে দুটো একদিনের ম্যাচে এবং ১৩ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে সহেলি। এরমধ্যে মাত্র চারটে উইকেট শিকার করতে পেরেছে। ২০২২ সালে মহিলাদের এশিয়া কাপে তাঁকে শেষবার বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া গিয়েছিল। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে আয়োজিত ওই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।