
শেষ আপডেট: 1 March 2024 14:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কুস্তিতে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই। বরং এখনও ধিকধিক করে জ্বলছে বিদ্রোহের আগুন। কুস্তি ফেডারেশনের এখনও নির্বাচন হয়নি। সেই নিয়ে বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের রাগ রয়েছে। তাঁরা চেয়েছিলেন ক্রীড়াবিদদের হয়ে কেউ একজন ফেডারেশনে প্রতিদ্বন্দ্বিতা করুক।
কুস্তি ফেডারেশনের কর্তারা অবশ্য সম্প্রতি দেশের তিন নামী নক্ষত্রকে একটি বৈঠকে ডেকেছিলেন। সেখানে আগামী দিনের কী রূপরেখা হবে, সেই নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বজরংরা জানিয়ে দিয়েছেন, তাঁরা ওই আলোচনায় অংশ নেবেন না। কারণ কুস্তি ফেডারেশনের বিতর্কিত কর্তা ব্রিজভূষণ শরণ সিংকে এখনও কোনও শাস্তি দেয়নি সংস্থা।
জাতীয় শিবিরে নাবালিকা কুস্তিগিরদের দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন ব্রিজভূষণ, তেমনি অভিযোগ করেছেন বজরংরা। সেই নিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছেন ওই ক্রীড়াবিদরা। এবার দেশের কুস্তিগিরদের প্রতিবাদ, জাতীয় কুস্তি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন। তারপরেও কী করে তারা জাতীয় ট্রায়াল ডাকল, সেই নিয়ে দিল্লি হাই কোর্টে গিয়েছেন বজরংরা।
এই আন্দোলনের অগ্রভাগে রয়েছেন বজরং, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগতরা। তাঁরা দিল্লি আদালতে পিটিশন দাখিল করেছেন। আগামী ১০ এবং ১১ মার্চ জাতীয় ট্রায়াল ডাকা হয়েছে কুস্তিতে। সেই ট্রায়ালের ওপর প্যারিস অলিম্পিক্সের যোগ্যতামানের ব্যাপার রয়েছে।
বজরং অবশ্য রয়েছেন রাশিয়ায়, তিনি ব্যক্তিগতভাবে নিজেই অলিম্পিক্সের প্রস্তুতি নিচ্ছেন। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে দেশের নামী তারকা বলেছেন, আমি যদি ট্রায়ালে যেতে অনিচ্ছুক হতাম, তা হলে কিসের জন্য বিদেশে ৩০ লক্ষ টাকা খরচ করে ট্রেনিং নিচ্ছি? আমাদের প্রতিবাদের কারণ হল, কী করে নিষিদ্ধ দেশের কুস্তি সংস্থা জাতীয় ট্রায়াল ডাকতে পারে। এই নিয়ে আমরা যতদূর পারি যাব!