মুসেত্তির দুর্ভাগ্য, জোকোভিচের সৌভাগ্য—দুটো মিলিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের রাত অদ্ভুতভাবে স্মরণীয় হয়ে রইল।

নোভাক জোকোভিচ
শেষ আপডেট: 28 January 2026 13:55
দ্য ওয়াল ব্যুরো: মেলবোর্নের কোর্টে বুধবার রাতটা অন্যরকম হতে পারত। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার জন্য মানসিক প্রস্তুতিও প্রায় সেরেও ফেলেছিলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। কিন্তু টেনিস যেমন নিষ্ঠুর, তেমনই অদ্ভুত। দু’সেট পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ‘ভাগ্যের জোরে’ অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) সেমিফাইনালে পৌঁছে গেলেন দশবারের চ্যাম্পিয়ন।
ইতালির লরেঞ্জো মুসেত্তি (Lorenzo Musetti) তখন কার্যত ম্যাচের নিয়ন্ত্রণে। প্রথম দুই সেট জিতে আত্মবিশ্বাসের চূড়ায়। ঠিক সেই সময় আচমকা চোট। ডান ঊরুর সমস্যায় তৃতীয় সেটের শুরুতে হাল ছেড়ে দিতে বাধ্য হলেন মুসেত্তি। স্কোরলাইনে লেখা রইল—‘ওয়াকওভার’। কিন্তু আসল গল্প এতটা সরল নয়।
দুই সেট পিছিয়ে, বিদায়ের অপেক্ষায় জোকোভিচ
ম্যাচের প্রথম দু’ঘণ্টা কার্যত মুসেত্তির শো! জোকোভিচ শুরুটা আক্রমণাত্মক করলেও খুব দ্রুত ছন্দ হারান। উল্টোদিকে মুসেত্তির একের পর এক ব্যাকহ্যান্ড—কখনও ফ্ল্যাট, কখনও লুপড, কখনও আবার নিখুঁত স্লাইস। জোকোভিচের কাছে কোনও উত্তর ছিল না। প্রথম সেট ৬–৪ জিতে নেন মুসেত্তি। দ্বিতীয় সেটেও একই ছবি। জোকোভিচের শটে ভুল বাড়ে, ফাটল ধরে আত্মবিশ্বাসে। ম্যাচ শেষে স্বীকারও করে নেন, ‘আমি বাড়ি ফেরার জন্য তৈরি ছিলাম। ও-ই ছিল আজকের ভালো খেলোয়াড়!’ ভুল বলেননি তিনি। দু’সেট হারার পর গ্যালারির মুড বদলে যাচ্ছিল। সবাই অপেক্ষা করছিল সম্ভাব্য অঘটনের জন্য—জোকোভিচের বিদায়!
মুসেত্তির চোট, ম্যাচের মোড় ঘুরে গেল
তৃতীয় সেটের শুরুতে নাটক। মুসেত্তি মেডিক্যাল টাইম-আউট নেন। ফিজিওকে বলতে শোনা যায়, ‘ভীষণ জ্বালা করছে।’ডান ঊরুর ভিতরের অংশে সমস্যা। সুযোগ পেয়ে জোকোভিচ একটু একটু করে ম্যাচে ফেরার চেষ্টা চালান। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার হয়ে যায়—খেলা চালানো সম্ভব নয়। কোয়ার্টার ফাইনালের মাঝপথে চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে যান মুসেত্তি। জোকোভিচের জন্য অপ্রত্যাশিত লাইফলাইন!
অন-কোর্ট ইন্টারভিউতে সার্বিয়ান তারকার গলায় অনুশোচনা। ‘গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে দু’সেট এগিয়ে থেকেও এভাবে ম্যাচ শেষ হওয়া দুর্ভাগ্যজনক। ও-ই আজ জেতার যোগ্য!’ কুণ্ঠা ছাড়া বলে দেন জোকোভিচ।
নিজের সমস্যাও ছিল, তবু শেষ চারে
মুসেত্তি একা নন, ম্যাচে শারীরিক সমস্যায় ভুগছিলেন জোকোভিচও। দ্বিতীয় ও তৃতীয় সেটের মধ্যে তিনি নিজেও মেডিক্যাল টাইম-আউট নেন। পায়ের আঙুলে ফোস্কা। যদিও সেটাকে বড় করে দেখাতে নারাজ। তাঁর কথায়, ‘ফোস্কা ছিল ঠিকই, কিন্তু আসল সমস্যা হয়ে দাঁড়ায় বলটা ঠিকভাবে ফিল না করতে পারা। সেটা ওর খেলার মানের জন্যই হয়েছে।’শেষ পর্যন্ত তিনি নিজেই মেনে নেন—‘আজ আমি অসম্ভব ভাগ্যবান!’ রসিকতার সুরে জুড়ে দেন, ‘আজ রাতে প্রার্থনা দ্বিগুণ করতে হবে!’
সেমিফাইনালে জোকোভিচের সামনে অপেক্ষা করছেন ইয়ানিক সিনার (Jannik Sinner) বনাম বেন শেলটন (Ben Shelton) ম্যাচের বিজয়ী প্রতিপক্ষ। তবে এই কোয়ার্টার ফাইনাল মনে করিয়ে দিল—কোর্টে যতই বড় নাম হোক, টেনিসে কোনও কিছুই নিশ্চিত নয়। মুসেত্তির দুর্ভাগ্য, জোকোভিচের সৌভাগ্য—দুটো মিলিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের রাত অদ্ভুতভাবে স্মরণীয় হয়ে রইল।