
শেষ আপডেট: 1 December 2023 19:54
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জিতেও প্যাট কামিন্সরা তাঁদের দেশের সেরার সম্মান পাননি। বরং দেশের সেরা দলের স্বীকৃতি পেল অস্ট্রেলিয়া মহিলা ফুটবল দল। তাদের জনপ্রিয়তা ওই দেশে বেশি।
কামিন্সরা বিশ্বসেরা হয়েও দেশে ফিরে তেমন অভ্যর্থনা পাননি। তাঁদের নিয়ে আগ্রহ ছিল কম। এতদিনে সেটি বোঝা গেল কেন তাদের নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা কম ছিল।
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্রীড়া সম্মান জিতেছে মহিলা ফুটবল দলই। এ বছর সেমিফাইনালে গিয়ে ইংল্যান্ডের কাছে হারার আগে দারুণ খেলেছিল মহিলা ফুটবল দল। তবুও তাদের খেলার উৎকর্ষতায় মুগ্ধ ছিল সারা দেশ। মেয়েদের লড়াইকে কুর্নিশ জানিয়েছে সকলেই।
অস্ট্রেলিয়া ‘হল অব ফেম’ প্রতিবছর ক্রীড়াক্ষেত্রে এ সম্মান দিয়ে থাকে। ১৯৯৮ সাল থেকে কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের নামে খেলায় সেরা দলকে এই সম্মান দেওয়া হয়ে থাকে।
মহিলা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালে দৌড় শেষ করেছে অস্ট্রেলিয়া দল। কিন্তু তারা সেরা হয়েছে সার্বিকভাবে দেশের মানুষের ভালবাসা অর্জন করতে পেরেছে বলে। পাশাপাশি কামিন্সরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাসেজ ধরে রেখেছে। শেষে গিয়ে জিতেছে ৫০ ওভারের বিশ্বকাপও। তারপরেও তাদের সেরার স্বীকৃতি নেই।
১৯৯৮ সালে এই পুরস্কার চালু হওয়ার পর থেকে মাত্র তৃতীয় কোনও দল হিসেবে অস্ট্রেলিয়ামহিলা ফুটবল দল জিতল ‘দ্য ডন অ্যাওয়ার্ড’। এর আগে ২০০৬ সালে ছেলেদের ফুটবল দল সকারু ও ২০২০ সালে মহিলা ক্রিকেট দল সেরার সম্মান পায়। গতবার ডন পুরস্কার ব্যক্তিগতভাবে জিতেছিলেন টেনিস তারকা অ্যাসলে বার্টি। যিনি অবসরও নিয়ে ফেলেছেন সম্প্রতি।