
শেষ আপডেট: 28 October 2023 19:46
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে এখনও পর্যন্ত সেরা ম্যাচটি হল শনিবার। ধরমশালার মাঠে রুদ্ধশ্বাস জয় পেল অস্ট্রেলিয়া। তারা শেষ বলে গিয়ে হারাল নিউজিল্যান্ডকে। অজিদের পক্ষে ফল ৫ রানে জয়ী। টানা চার ম্যাচ জিতে ছন্দে প্যাট কামিন্সরা।
লক্ষ্য ৩৮৯। কিন্তু শেষ বল পর্যন্ত হাল ছাড়ল না নিউজিল্যান্ড। দুর্দান্ত রান তাড়ায় প্রায় তীরে পৌঁছে গিয়েছিল কিউইরা। তীরে এসে তরী ডুবল। শেষ বলে এসে অস্ট্রেলিয়ার কাছে করুণ হার কিউইদের।
৭৭১ রানের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ হাসি অস্ট্রেলিয়ার। এই জয়ে সেমির লড়াইয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই জয়ের লক্ষ্যে ব্যাট করতে থাকেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ওপেনিং জুটিতে ৬১ রান করেন তারা।
১৭ বলে ২৮ রান করে আউট হয়ে যান কনওয়ে। এরপর ১১ রান তুলতে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এবার পেসার হ্যাজলউডের বলে স্টার্কের হাতে ক্যাচ হয়ে ফেরেন ইয়ং (৩৭ বলে ৩২)। তবু দুরন্ত গতিতে এগিয়ে যায় কিউইদের স্কোরবোর্ড।
এরপর দলের হাল ধরেন ডেরেইল মিচেল ও রচীন রবীন্দ্রা। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার সংগ্রহ করেন ৮৬ বলে ৯৬ রান। মিচেল তুলে নেন দুর্দান্ত ফিফটি। তবে ফিফটি করার পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৫১ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
অধিনায়ক টম লাথামও ভালই শুরু করেছিলেন। কিন্তু উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। জাম্পার বলে হ্যাজলউডের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ২২ বলে ২১ রান করেন তিনি।
চার উইকেট হারালেও নিউজিল্যান্ডের রান তোলার গতিতে তেমন কোনও প্রভাব ফেলতে দেননি। রান তাড়ায় দলকে এগিয়ে নিয়ে যান রচীন ও গ্লেন ফিলিপস।
টস জিতে বোলিংয়ে কিছুটা সুবিধা আদায় করা যাবে, এ চিন্তা থেকে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দুই অসি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড। দু’জন মিলে ১৭৫ রানের বিশাল জুটি গড়েন ১৯.১ ওভারে।
৬৫ বলে ৮১ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। ট্রাভিস হেড শেষ পর্যন্ত সেঞ্চুরি পূরণ করেন ৬০ বলে এবং ৬৭ বলে ১০৯ রান করে আউট হন তিনি। ১০টি বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মার মারেন তিনি।