
পুমার তৈরি উপকরণ অনেকটাই সাহায্য করবে ভারতীয় ক্রীড়াবিদদের।
শেষ আপডেট: 17 May 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রীড়াবিদদের জন্য বড় সুখবর। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) জানিয়েছে, তারা জার্মান স্পোর্টস বহুজাতিক পুমার সঙ্গে একটি বড় অঙ্কের চুক্তি স্বাক্ষরিত করেছে। যার ফলে ভারতের চারশোরও বেশি অ্যাথলিট এবার থেকে ঘরোয়া থেকে আন্তর্জাতিক সব প্রতিযোগিতাতেই পুমার তৈরি অত্যাধুনিক স্পোর্টস উপকরণ ব্যবহার করতে পারবে।
ক্রীড়াদুনিয়ায় পুমা তৃতীয় বৃহত্তম স্পোর্টস বিপণন সংস্থা। আদিদাস ও নাইকির পরেই বিশ্বের তাবড় ক্রীড়াবিদদের স্পনসর হিসেবে আন্তর্জাতিক খ্যাতি আছে পুমার। সময় যত এগোচ্ছে, আন্তর্জাতিক ক্রীড়ামানচিত্রে পাল্লা দিয়ে অত্যাধুনিক স্পোর্টস উপকরণের চাহিদা বাড়ছে। শারীরিক সক্ষমতা বা প্রতিভার পাশাপাশি বাড়তি গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক মানের জুতো থেকে জার্সি। সেখানে ভারতের অ্যাথলেটিক্সে পরিশ্রমী প্রতিভাবান উঠতি মুখ উঠে এলেও অনেক সময়েই ভাল উপকরণ জোগাড় করতে পারেননা খেলোয়াড়রা। সেখানে পুমার মত সংস্থার স্পনসরশিপে প্রভূত লাভবান হবেন তাঁরা। ইতিমধ্যেই এই নিয়ে বিবৃতি দিয়েছেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। বলেছেন, 'বারো বছর ধরে টানা অনুশীলনের মধ্যে থাকার সুবাদে আমি জানি, ভাল স্পোর্টস উপাদানের গুরুত্ব কতখানি। পুমার মত বিশ্বমানের ব্র্যান্ডের সঙ্গে এএফআই চুক্তি সেরে ফেলার পরে এবার আমাদের খেলোয়াড়রাও আন্তর্জাতিক মানের স্পোর্টস উপকরণ ব্যবহার করতে পারবে। আখেরে এতে ধারাবাহিক উন্নতি হবে ভারতের।'
বিশ্বের সর্বাধিক জনবহুল দেশের বাজার ধরতে পারার লক্ষ্যে বিষয়টিকে অত্যন্ত সদর্থক চোখে দেখছে পুমা। সিইও আর্নে ফ্রয়নট বলেছেন, ৭৫ বছর আগে পুমার প্রতিষ্ঠাতা রুডলফ ডাসলার ক্রীড়াবিদদের জন্য এমন অত্যাধুনিক উপকরণ তৈরির কথা ভেবেছিলেন, যাতে তারা পুমার মতই ক্ষিপ্র ও শক্তিশালী হয়ে উঠতে পারে। আমরা খুশি যে, আমরা এবার অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার সঙ্গে এই কাজে মিলিত হতে চলেছি। ভারত অন্যতম বড় বাজার। আমাদের বিশ্বাস, এএফআই-এর সঙ্গে আমাদের গাঁটছড়া বাঁধায় সাফল্য এলে তা পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করবে।'
নীরজ ছাড়াও পুমা ও এএফআই-এর চুক্তির ফলে উপকৃত হবেন একাধিক খেলার সঙ্গে জড়িত ক্রীড়াবিদরা। তালিকায় রয়েছেন পারুল চৌধুরী (স্টিপলচেজ), মুরলী শ্রীশঙ্কর (লং জাম্প), জ্যোতি ইয়ারাজি (হার্ডল), প্রিয়াঙ্কা গোস্বামী (রেসওয়াক), জেসুইন অলড্রিন (হাইজাম্প)-এর মত আরও অনেকে।