
শেষ আপডেট: 5 February 2023 01:35
দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বর মাসেই এশিয়া কাপ (Asia Cup)। কিন্তু কোথায় হবে, তা নিয়ে আলোচনা এখনও চলছে। ঠিক ছিল ২০২৩ সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে (Pakistan)। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল, এশিয়া কাপ খেলতে ভারতে তারা যাবে না! পাল্টা ভারতে এসে বিশ্বকাপ না খেলার হুঁশিয়ারিও দিয়েছিল পাকিস্তান। এই নিয়ে যখন দড়ি টানাটানি চলছে সেই আবহেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক বসে শনিবার। সেপ্টেম্বরের এশিয়া কাপ কোথায় হবে সেই নিয়েই আলোচনা ছিল। সেখানেই উঠে আসে সংযুক্ত আরব আমিরশাহীর (United Arab Emirates) নাম। তবে এই বৈঠকে চূড়ান্ত ভেন্যু ঠিক না হলেও এটা স্পষ্ট হয়ে গেছে যে, পাকিস্তানে হচ্ছে না আসন্ন এশিয়া কাপ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তথা বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলে দিয়েছিলেন, পাকিস্তানে খেলতে যাবেন না রোহিতরা। পাকিস্তানের রাজনৈতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর নজর রেখেই এই সিদ্ধান্তে অটুট ছিলেন শাহ। তাঁর স্পষ্ট কথা ছিল, কোনও নিরপেক্ষ দেশে আয়োজিত হোক এশিয়া কাপ।
এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু নিয়ে শনিবারই আলোচনা হয়েছে পিসিবি এবং বিসিসিআই-এর। বাহরিনে পিসিবির নাজম শেঠির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয় বিসিসিআইয়ের জয় শাহের। মূলত নাজম শেঠির আহ্বানেই এশিয়ার সমস্ত সদস্য দেশের বোর্ড প্রধানরা একত্রিত হয়েছিলেন। যেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
সূত্রের খবর, শনিবারের বৈঠকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ। কোথায় হবে তাহলে? এশিয়া কাপ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এসিসির সভাপতি জয় শাহের পছন্দও সেটাই। বলাই বাহুল্য, জয় শাহের কথাতেই সিলমোহর পড়তে চলেছে। আগামী মাসে ফের এসিসির বৈঠক হওয়ার কথা। তখনই আয়োজক দেশের নাম আনুষ্ঠানিকভাবে জানা যাবে।
‘তোমাদের মধ্যে এত ইগো কেন?’ ড্রেসিংরুমে কোহলি-রোহিতকে ধমক দিয়েছিলেন শাস্ত্রী