ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার থাকায় ঢাকায় আয়োজিত বৈঠকে বিসিসিআই প্রতিনিধি সশরীরে যাননি। বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন।

ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 26 July 2025 18:51
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে, জানাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর চলবে এই কাপ। শনিবার, ২৬ জুলাই বিবৃতি দিয়ে নিশ্চিত করলেন এসিসির সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভি। ঢাকায় অনুষ্ঠিত এসিসি-র বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।
টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে। বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। মোহসিন নকভি এক্স-এ লেখেন, '২০২৫ সালের এশিয়া কাপ ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে। এমন টুর্নামেন্টে আমরা দুর্দান্ত ক্রিকেট দেখার অপেক্ষায় আছি।'
এই বার এশিয়া কাপে অংশ নেবে মোট ৮টি দল। তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ওমান, হংকং ও সংযুক্ত আরব আমিরশাহি। মোট ম্যাচ হবে ১৯টি।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখন থেকেই উৎসুক ক্রিকেট ভক্তরা। দুই দলকে এক গ্রুপে রাখা হতে পারে। সেক্ষেত্রে অন্তত তিনটি ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার সম্ভাবনা থাকবে। একটিতে গ্রুপ স্টেজে, আরেকটিতে সুপার ফোরে এবং হয়তো ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
২০২৫ সালের এশিয়া কাপের ‘আধিকারিক’ আয়োজক অবশ্য ভারতই। বিসিসিআই ম্যাচ সূচি চূড়ান্ত করছে বলে জানা গিয়েছে। যদিও কিছু বাণিজ্যিক বিষয় এখনও আলোচনাস্তরে রয়েছে।
এই টুর্নামেন্ট থেকে রাজস্বের বড় অংশ আসে ভারতের ঘরে, সম্প্রচার সংস্থা ও স্পনসরদের হাত ধরে। সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (SPNI) ইতিমধ্যেই ২০২৪ থেকে আট বছরের জন্য এশিয়া কাপ সম্প্রচারের সত্ত্ব কিনেছে প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন ডলারে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যেহেতু টানটান উত্তেজনা থাকে, তাই তাকে হাতিয়ার করে মুনাফা লুটতে চাইছে সনি।
এদিকে, ভারত-বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার থাকায় ঢাকায় আয়োজিত বৈঠকে বিসিসিআই প্রতিনিধি সশরীরে যাননি। বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন।