
শেষ আপডেট: 27 January 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো: পরপর দু’বছরই অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন এরিনা সাবালেঙ্কা। তিনি শনিবার ফাইনালে হারালেন চিনের কিনওয়েন ঝেংকে। সাবালেঙ্কার পক্ষে ম্যাচে ফল ৬-৩, ৬-২।
এই নিয়ে তিনটি গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলেছেন বেলারুশের তারকা সাবালেঙ্কা। তার মধ্যে দু’বারই খেতাব পেলেন। এদিনও ম্যাচের আগে তিনিই ফেভারিট ছিলেন। চিনের বিপক্ষকে কোর্টে দাঁড়াতেই দেননি বিশ্বের দুই নম্বর বাছাই।
সাবালেঙ্কা হলেন দ্বিতীয় কোনও খেলোয়াড়, যিনি পরপর দু’বছরই অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন। এর আগে এই কৃতিত্ব ছিল ভিক্টোরিয়া আজারেঙ্কার। এবার অস্ট্রেলিয়া ওপেনে একটি সেটও হারাননি সাবালেঙ্কা। ২০০৭ সালে একইভাবে সেরেনা উইলিয়ামসও একটি সেটও না হেরে এখানে ট্রফি জিতেছিলেন। সেই নজির স্পর্শ করলেন বেলারুশের নামী তারকা।
মেলবোর্ন পার্কে ফাইনাল ম্যাচে প্রথম সেট শেষ হয় ৩২ মিনিটের মাথায়। ৬-৩ ফলাফলে ম্যাচে এগিয়ে যান সাবালেঙ্কা। দ্বিতীয় গেমেও সাবালেঙ্কার দাপট অব্যাহত ছিল। সার্ভ রীতিমতো কষ্ট করে ফেরাতে হয়েছে চিনের তারকাকে।
দ্বিতীয় সেটে ৬-২ ফলাফল নিয়ে জয়ী হন সাবালেঙ্কা এবং এর সঙ্গেই তিনি দ্বিতীয় খেলোয়াড়, যিনি পরপর দুবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন। এই জয় নিয়ে তিনি দশম খেলোয়াড়, যিনি ডব্লুটিএ স্তরে একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।