
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আর্শাদ নাদিম।
শেষ আপডেট: 19 August 2024 21:09
দ্য ওয়াল ব্যুরো: চোট নিয়েই আর্শাদ নাদিম জ্যাভলিনে সোনা জিতেছেন প্যারিসে। এতদিন সবাই জেনে এসেছে নীরজ চোপড়ার চোট ছিল প্যারিসে ফাইনালে নামার আগে। নীরজ বলেছেনও সেই কথা। ভারতের রুপো জয়ী তারকা জানিয়েছিলেন, চোট আমাকে বিস্তর ভুগিয়েছে। ফাইনালে নামার আগে ভাবছিলাম, ঠিকমতো থ্রো করতে পারব তো। এই নিয়ে আশঙ্কা ছিল।
প্যারিসে ফাইনাল ইভেন্টের সময় দেখা যায়, নীরজের মোট ছয়টি থ্রোয়ের মধ্যে অন্তত পাঁচটি থ্রো ফাউল হয়ে গিয়েছিল। একটা থ্রোতেই বাজিমাত করেন পানিপথের থ্রোয়ার। নীরজ ৮৯.৪৫ মিটার ছুড়ে রুপো পান।
সবাই অবাক অবশ্য পাকিস্তানের আর্শাদ নাদিমের ৯২.৯৭ মিটার থ্রো দেখে। প্রথম থ্রো নাদিমেরও ফাউল হয়েছিল। সম্প্রতি পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাদিমকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানে নাদিম জানিয়েছেন, আমিও প্যারিসে ফাইনালে নামার আগে ভয়ে ভয়ে ছিলাম। জানতাম, চোট আমাকে পদক থেকে দূরে সরিয়ে দিতে পারে। তবে নিজের দ্বিতীয় থ্রোতে অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। তারপর দেখা যায়, নাদিমও কিছু ক্ষেত্রে ৮০ মিটারের গন্ডি পেরতে পারেননি।
সেই নিয়ে পাক তারকা বলেছেন, আমি গোড়ালিতে চোট পাই, বিরতিতে কোচকে সেই কথা বলেছিলাম। তিনি আমাকে ধমক দিয়ে বলেন, তুই শুধু নিজের লক্ষ্যে ফোকাস রাখ, চোট নিয়ে ভাবতে হবে না। তুই হলি টাইগার।
ওই কথাতেই যে উদীপ্ত হয়ে যান নাদিম, সেটি জানিয়েছেন। তাঁকে পাক সরকার দশ কোটি টাকা দিয়েছে। তাঁর গ্রামের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। গ্রামের রাস্তা পাকা করার কাজ চলছে। বাড়ির সামনে স্রেফ নাদিমের জন্যই একটা স্টেডিয়াম বানানো হচ্ছে।