
শেষ আপডেট: 24 November 2023 14:25
দ্য ওয়াল ব্যুরো: মেসির পর আর্জেন্টিনা টিমের সবথেকে বড় তারকা যিনি, সেই অ্যাঞ্জেল দি মারিয়া এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন। বিশ্বকাপ জেতার পর থেকেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, মেসি ও দি মারিয়া এবার নীল-সাদা জার্সিকে বিদায় জানাতে পারেন। তবে মেসি এ বিষয়ে এখনও কোনও উচ্চবাচ্য না করলেও ব্রাজিলকে হারানোর দিনদুয়েকের মধ্যেই নিজের বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন আর্জেন্টিনার অ্যাঞ্জেল।
ভারতীয় সময় শুক্রবার সকালে দি মারিয়া সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, সামনের বছর কোপা আমেরিকার পর তিনি আর আর্জেন্টিনার জার্সি গায়ে তুলবেন না। বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকে। কোপা আমেরিকার পরই বিশ্বকাপজয়ী ফুটবলারের দেশের হয়ে অবসর ঘোষণায় স্বভাবতই মনমরা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নীল-সাদা জার্সির ভক্তরা। যার পায়ের জাদুতে এতদিন মুগ্ধ হয়েছিলেন তাঁরা, আর কয়েকমাস পর তিনিই হয়ে যাবেন অতীত!
View this post on Instagram
গত কয়েক বছর যাবৎ আর্জেন্টিনা ফুটবল দলের এই যে দুর্ধর্ষ ফর্ম, তাঁর নেপথ্যে অন্যতম ফুটবলার অ্যাঞ্জেল দি মারিয়া। মেসি ও তাঁর দুরন্ত যুগলবন্দিতে আর্জেন্টিনা যে কত কঠিন ম্যাচ হেলায় জিতে ফিরেছেন, তার ইয়ত্তা নেই। নীল-সাদা জার্সির ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে বিশ্বকাপ জেতার পিছনে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ফুটবল তারকা। দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালেই তাঁর পা থেকে এসেছিল গোল।
তবে এবার সময় এসেছে সেই নীল-সাদা জার্সিকে বিদায় জানানোর। তাই বুকে কষ্ট চেপেই সামাজিক মাধ্যমে দি মারিয়া লিখেছেন, “আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট হবে কোপা আমেরিকা। তারপর আমি অত্যন্ত কষ্টের সঙ্গে জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাবো, যার জন্য এত কষ্ট করেছি, এত ঘাম ঝরিয়েছি।” উল্লেখ্য, ২০০৮ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মারিয়ার। জাতীয় দলের হয়ে ১৩২ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।