
শেষ আপডেট: 8 April 2024 17:52
দ্য ওয়াল ব্যুরো: আন্দ্রে রাসেল ঝড়ের অপেক্ষায় চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। চলতি আইপিএলে রাসেল এমন একটা মেজাজে খেলছেন, মনে হবে ক্রিকেট খেলাটাই যেন কত সোজা! কিন্তু ধোনিদের বিরুদ্ধে নামার আগে রাসেল এক নয়া সিনড্রোমে ভুগছেন।
রাসেল এমন একটা তারকা, যিনি সারা বিশ্বে টি ২০ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে সম্মান পান। তিনি মোট ৩০টির বেশি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন। কিন্তু রাসেল চিন্তিত ব্যাটের ওজন নিয়ে। চিপক স্টেডিয়ামে দেখা গিয়েছে, রাসেল দুটি ব্যাট নিয়ে সমানে নাড়াচাড়া করছেন। একটি ব্যাটের ওজন ১২৯৯ গ্রাম, অন্যটির ১৩১৫ গ্রাম।
পাকিস্তানের শিয়ালকোট থেকে এসেছে রাসেলের দুটি ব্যাট। তাঁর আবার হালকা ব্যাট হাতে ধরে মনে হচ্ছে ভারী। এই নিয়ে বিস্তর কথা বলতেও দেখা গিয়েছে ব্যাট প্রস্ততকারক সংস্থার কর্তার সঙ্গে। রাসেলকে বুঝিয়েও লাভ হয়নি যে, তিনি যে ব্যাটের খোঁজ করছেন, সেটি হালকা ব্যাটই।
বিশ্ব ক্রিকেটের দ্রে রাস (রাসেলকে এই নামে ডাকা হয়) আবার ওজন দিয়ে রীতিমতো মেঁপেছেন ওই দুটি ব্যাট। তিনি কারও মুখের কথায় বিশ্বাস করতে রাজি নয়। তাই নিজেই ওজন মাপার যন্ত্র দিয়ে ব্যাটকে তুলাদণ্ডে বসিয়েছেন।
চলতি আসরে দারুণ মেজাজে ব্যাটিং করছেন রাসেল। দুটি ইনিংসে ব্যাটিং করেছেন ১০৫ রান, তারমধ্যে একটি ম্যাচে রাসেলের ব্যাট থেকে এসেছে ম্যাচ জেতানো ২৫ বলে ৬৪ রান। ওই ম্যাচে বিগ শটের ফুলঝুরি দেখা গিয়েছিল ক্যারিবিয়ান তারকার ব্যাটে। কিন্তু ধোনিদের বিরুদ্ধে ম্যাচে তিনি এক অদ্ভুত সমস্যায়। কেনই বা হালকা ব্যাট নিয়ে তাঁর মনে হচ্ছে ভারী ব্যাট, সেই রহস্য উদ্ধারে শিবিরের বাকিরাও।