
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
শেষ আপডেট: 18 March 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: টিমের এক নম্বর পেসার। অথচ ছন্দে নেই। ছন্দ হারানোর পাশাপাশি আপাতত কতটা ছন্নছাড়া তিনি, তার প্রমাণ পেল ইউনিভার্সিটি ওভাল স্টেডিয়ামের দর্শকেরা। এক ওভারে চার খানা ছক্কা সমেত ২৬ রান দিলেন। তিন ওভার হাত ঘুরিয়ে ঝুলি উইকেটশূন্য। খরচ করলেন ৩৩ রান। আর সব মিলিয়ে ১৩৫ রানের টার্গেট অনায়াসে তুলে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই লড়াই জিতে নিল নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতশ্রী পারফরম্যান্স। আয়োজক দেশ হয়েও গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গেছিল পাকিস্তান টিম। তাও একটিও ম্যাচ না জিতে। এরপর রীতিমাফিক সমালোচনা, মুণ্ডপাত, তর্ক-বিতর্ক, দলকে ঢেলে সাজানোর নিদান। সবকিছুর পর অনেক রদবদল ঘটিয়ে নিউজিল্যান্ড সফরে এসেছে পাকিস্তানি দল। টি-২০ সিরিজে বাদ পড়েছেন বাবর আজমের মতো তারকা ক্রিকেটার। আগামি ওয়ান ডে সিরিজে ঠাই জোটেনি শাহিন শাহ আফ্রিদির।
তা সত্ত্বেও প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ে পাক দল। দ্বিতীয় ম্যাচে কামব্যাকের সুযোগ থাকলেও হেলায় হারালেন সলমন আঘারা। আজকে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৩৫ রান তোলে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ। বারেবারে বর্ষণের কারণে থমকে যাচ্ছিল। তা সত্ত্বেও পাকিস্তানি ব্যাটাররা খারাপ খেলননি।
কিন্তু দলকে ডোবালেন বোলাররা। বিশেষ করে পেসার শাহিন শাহ আফ্রিদি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের তুরুপের তাস মনে করা হচ্ছিল তাঁকে। কিন্তু চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। আজকেও সেই ব্যর্থতার রেশ ফুটে ওঠে দিকভ্রষ্ট বোলিংয়ে। কিউয়ি ব্যাটসম্যানরা, বিশেষ করে টিম সেইফার্ট নিশানা করেন আফ্রিদিকে। রণং দেহী মেজাজ ধারণ করে এক ওভারে নেন ২৬ রান। চারখানা ছক্কা মারেন তিনি। তার মধ্যে একটি ছয়, ১১৯ মিটার লম্বা, ওভাল স্টেডিয়ামের ছাদ ডিঙিয়ে রাস্তায় গিয়ে পড়ে। মূলত সেইফার্ট একা হাতে কচুকাটা করেন পাক বোলারদের। যে কারণে ১১ বল বাকি থাকতেই লড়াই জিতে নেয় নিউজিল্যান্ড।
Shaheen Afridi keeps improving his position inside Dinda Academy- pic.twitter.com/Y63EnBbemz
— Dinda Academy (@academy_dinda) March 18, 2025
ম্যাচ হেরে বীতশ্রদ্ধ হলেও দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ লক্ষ্য করেছেন অধিনায়ক সলমন আগা। বলেছেন, ‘আমরা ভাল ব্যাট করেছি, ফিল্ডিংও দুর্দান্ত ছিল। বেশ কিছু পর্বে বোলিংও ঠিকঠাক হয়েছে। বিশেষ করে পাওয়ারপ্লে-র আগে। পাওয়ারপ্লে-র বাদে আমরা পারফরম্যান্সে উন্নতি করতে পারি—ব্যাটিং, বোলিং দু’ক্ষেত্রেই।‘