
শেষ আপডেট: 24 October 2023 00:38
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে ফের অঘটন ঘটল। আবারও বড় দলকে হারিয়েছে আফগানিস্তান। তারা জায়ান্ট কিলার হিসেবে গন্য হচ্ছে মেগা আসরে।
এর আগেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছিলেন হাশমতউল্লাহ শাহিদিরা। এবার চেন্নাইয়ে আরও এক শক্তিশালী দল পাকিস্তানকে হারিয়ে চমক দিলেন রশিদ খানরা।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের অন্যতম ফেভারিট পাকিস্তানকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। বাবর আজমদের ছুঁড়ে দেওয়া ২৮২ রানের চ্যালেঞ্জ মাত্র ২ উইকেট হারিয়ে ৪৯ ওভারেই পার করে ফেলেছেন আফগানরা।
পাক দলের হয়ে এ ম্যাচে রান পেয়েছেন অধিনায়ক বাবর আজম (৭৪), ওপেনার আবদুল্লা শফিক (৫৮),শাদাব খান (৪০) ও ইফতিকার আমেদ (৪০)। রশিদ খান কোনও উইকেট না পেলেও নুর মহম্মদ তিনটি উইকেট নিয়েছেন। এমনকী দুই উইকেট নেন নভীন উল হক।
সেইসঙ্গে পাক দলকে হারিয়ে ইতিহাসও গড়লেন আফগানিস্তান ক্রিকেটাররা। কারণ ওয়ান ডে-তে এর আগে কখনও পাকিস্তানকে হারাতে পারেননি তাঁরা।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে-তে ৭ বারের সাক্ষাতে হারের মুখ দেখেনি পাকিস্তান। সেই পাকিস্তানকেই ইতিহাসে প্রথমবারের মতো মেগা আসরে হারিয়ে চমক রশিদদের।
২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট করতে থাকে আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জারদান। প্রথম ওভারেই শাহিন আফ্রিদির বলে ১০ রান নেন আফগান দুই ওপেনার।
পাক বোলারদের তুলোধোনা করতে থাকেন দুই ওপেনার। পাওয়ার প্লের প্রথম দশ ওভারেই কোন উইকেট না হারিয়ে ৬০ রান তোলে আফগানরা। বিশ্বকাপ ইতিহাসে তখন পর্যন্ত এটিই ছিল পাওয়ার-প্লেতে আফগানিস্তানের সর্বোচ্চ রান।
শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, উসামা মিরদের কেউই কোন সুবিধা করতে পারছিলেন দুই আফগান ওপেনারের সামনে। ম্যাচের ১৬ ওভারেই দলের শতরান পূরণ করেন দুই ওপেনার। গুরবাজ ও জাদরান ওয়ানডেতে এই নিয়ে চতুর্থবার শতরানের জুটি গড়লেন।
এর আগে ১৫ ওভারের মাথায় নিজের হাফসেঞ্চুরির কোঠায় পৌঁছান ইবরাহিম জাদরান। গুরবাজও পিছিয়ে থাকেননি। তিনিও পরের ওভারে তুলে নেন হাফসেঞ্চুরি।
একটা সময় মনে হয়েছে এই দুই ব্যাটারই খেলা শেষ করে আসবেন, যেভাবে তাঁরা অনায়াসে পাক বোলারদের মারছিলেন। কিন্তু অবশেষে তাঁদের জুটিতে ফাটল ধরান শাহিন আফ্রিদি। দলীয় ১৩০ রানে গুরবাজকে ৬৫ রানে আউট করে প্রথম ব্রেক থ্রু এনে দেন তিনি।
এক উইকেট পড়ে গেলেও রানের গতি সচল রাখে আফগানিস্তান। দ্বিতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন জাদরান।
১৯০ রানে দুই উইকেট হারালেও খেই হারাননি আফগানরা। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে য়ে মাঠ ছাড়েন রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। রহমত শাহ ৭৭ রান ও হাশমতউল্লাহ ৪৮ রানে অপরাজিত থাকেন।