
অভিষেক শর্মার বাবা-মা
শেষ আপডেট: 13 April 2025 12:25
দ্য ওয়াল ব্যুরো: ছেলে অভিষেক শর্মা ফর্মে নেই। খেলছে আইপিএলের মতো টুর্নামেন্ট, সানরাইজার্স হায়দরাবাদের মতো তারকাখচিত টিমে। ওপেনিংয়ে জুড়িদার ট্র্যাভিস হেড। গতবছর ‘ট্র্যাভিষেক’ জুটির বিধ্বংসী পার্টনারশিপ বিপক্ষ শিবিরের বোলারদের মনে ত্রাস সঞ্চার করেছিল।
অথচ এ বছর সবকিছু পাল্টে গেছে। প্রথম ম্যাচে জিতেছে হায়দরাবাদ। তারপর টানা চার ম্যাচে পরাজয়। ছেলে অভিষেকও ব্যাট হাতে ব্যর্থ। সর্বসাকুল্যে তুলেছে মাত্র ৫১ রান।
এই অবস্থায় বাবা-মা-কে স্টেডিয়ামে খেলা দেখতে আসার আবদার জানান অভিষেক শর্মা। কেটে দেন টিকিটও। পাঞ্জাবের ভূমিপুত্র তিনি। প্রতিপক্ষও সেই পাঞ্জাব। কিন্তু এরপরেও যাওয়া নিয়ে দোনোমোনো করছিলেন অভিষেকের বাবা রাজকুমার শর্মা।
কারণ? কাজের ব্যস্ততা? না।
শারীরিক অসুস্থতা? সেটাও না।
তাহলে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে একগাল হেসে রাজকুমারের উত্তর, ‘আসলে আমি কিছুটা কুসংস্কারাচ্ছন্ন মানুষ। আমি বরাবর ভেবে এসেছি, আমি স্টেডিয়ামে থাকলে অভিষেক খেলতে পারবে না। তাই এর আগে ছেলের কোনও ম্যাচ দেখতে যাইনি। এমনকী কালকেও যখন নো বলে আউট হল ও, ওই তিরিশ সেকেন্ডের জন্য নিজেকে দুষে যাচ্ছিলাম। তারপর যখন একের পর এক ছক্কার বৃষ্টি শুরু হল, স্বস্তি পেলাম। তখন আমিও বাকিদের মতো দাঁড়িয়ে থেকে অভিষেকের ইনিংস উপভোগ করলাম।’
শুধু রেকর্ড ভাঙা-গড়া নয়। গতকাল ৫৩ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংসে কুসংস্কারের বেলুনও চুপসে দিয়েছেন অভিষেক শর্মা। বাবা-মাকে টেনে এনেছেন মাঠে। যাঁদের দেখতে ট্র্যাভিস হেড থেকে শুরু করে ঈশান কিষান—হায়দরাবাদ দলের সকলে ভিড় জমান। শুধু তাই নয়। আশীর্বাদ নিতে এগিয়ে যান বিপক্ষ শিবিরের অর্শদীপ সিংও৷ হাসিমুখে ভেসে আসে আবদার, ‘কাকু, আমাকেও অভিষেকের মতো আশীর্বাদ দিন… হুবহু একই হওয়া চাই কিন্তু!’
Arshdeep Singh went to meet and congratulate Abhishek Sharma's parents. ????❤️ pic.twitter.com/bVM3b5IEFB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 12, 2025
স্বভাবে সংস্কারাচ্ছন্ন হতে পারেন রাজেশ শর্মা। কিন্তু মেজাজে এতটুকু সংকীর্ণ নন৷ প্রত্যুত্তরে বলে উঠলেন, ‘অনূর্ধ্ব-১৪ টিমে ওরা একই সঙ্গে খেলেছে। যবে জুতোর ফিতে বাঁধতে পারত না, তবে থেকেই অর্শদীপকে চিনি৷ আমি ওকে বলেছি, আমার কাছে অভিষেক আর তোমার মধ্যে কোনও ফারাক নেই।’
একদিনের মধ্যে দুনিয়াটা ফের বদলে গিয়েছে অভিষেক শর্মার। যুবরাজ সিংয়ের মন্ত্রশিষ্য তিনি। হাতে ধরে গড়ে তুলেছেন যুবি। এর আগে বহুবার ছাত্রের গর্বে আপ্লুত হয়ে টুইটও করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। গুরুর আস্থার প্রতিদান দিতে পেরে খুশি অভিষেক শর্মা। আনন্দিত মায়ের ভালবাসা পেয়েও। বলে উঠলেন, ‘যে কোনও খেলোয়াড়কে জিজ্ঞেস করুন। সকলেই বলবেন, একমাত্র মায়ের আশোর্বাদই সরাসরি মন থেকে আসে।’
Mother's blessings ✨
— IndianPremierLeague (@IPL) April 12, 2025
Hyderabad's joy ????
Abhishek Sharma's whirlwind night to remember ????
Describe his knock in one word ✍️#TATAIPL | #SRHvPBKS | @SunRisers | @IamAbhiSharma4 pic.twitter.com/yJwBK5bAiD
অভিষেক-জননী মঞ্জু শর্মা অতশত বোঝেন না। তিনি খুশি মাঠে আসতে পেরে, ছেলেকে চোখের সামনে খেলতে দেখতে পেয়ে। দল জয়ের স্বাদ পেয়েছে। ছেলে পুরনো ফর্মে, চেনা ছন্দে। দু:সময় অতীত৷ সুসময় আসতে চলেছে। হায়দরাবাদের সমর্থকদের উদ্দেশে অভয়-বার্তা মঞ্জুলাদেবীর৷