মহালয়ার দিনে পড়ছে সূর্যগ্রহণ! ২১ সেপ্টেম্বর রাত থেকে ভোর পর্যন্ত চলবে সাড়ে ৪ ঘণ্টা। কিন্তু ভারতে দেখা যাবে কি?

মহালয়ার দিনে সূর্যগ্রহণ!
শেষ আপডেট: 5 September 2025 18:20
দ্য ওয়াল ব্যুরো: এই বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণটি হতে চলেছে আগামী ২১ সেপ্টেম্বর, রবিবার। এর আগে ২৯ মার্চ একটি আংশিক সূর্যগ্রহণ হলেও তা ভারত থেকে দেখা যায়নি। আসন্ন এই গ্রহণও হবে আংশিক, তবে এর বিশেষ জ্যোতিষীয় গুরুত্ব রয়েছে কারণ এটি পিতৃপক্ষের সর্বপিতৃ অমাবস্যার দিনে পড়ছে।
গ্রহণ কখন শুরু ও শেষ হবে?
ভারতীয় সময় অনুযায়ী, এই সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর ভোর ৩টা ২৩ মিনিটে। মোট সময়কাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট। এই সময়ে সূর্যের প্রায় ৮৫ শতাংশ অংশ আচ্ছাদিত থাকবে।
সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হলেও, হিন্দু ধর্মানুসারে এর গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সময়ে কোনও শুভ কাজ করা বা পুজো-পাঠ করা উচিত নয়। এই সময়ে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। তবে এই নিয়মগুলো শুধুমাত্র সেইসব অঞ্চলেই প্রযোজ্য, যেখানে গ্রহণ দৃশ্যমান হয়। যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এখানে সূতককালও প্রযোজ্য হবে না এবং এর কোনো প্রভাব মানুষের জীবন ও প্রকৃতির ওপর পড়বে না।
কোথায় কোথায় দেখা যাবে?
এই আংশিক সূর্যগ্রহণ মূলত দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে। এটি অস্ট্রেলিয়া (সিডনি, হোবার্ট), নিউজিল্যান্ড (ওয়েলিংটন, অকল্যান্ড), অ্যান্টার্কটিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আফ্রিকা ও ভারত মহাসাগরের দক্ষিণাংশ এবং কিছু দ্বীপ অঞ্চলে (পলিনেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া) দেখা যাবে।
কোথায় দেখা যাবে না?
ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কোনও অংশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।
জ্যোতির্বিদরা সতর্ক করে জানিয়েছেন যে, খালি চোখে সূর্যগ্রহণ দেখা অত্যন্ত ক্ষতিকর। এর ফলে সূর্যের তীব্র রশ্মি চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই, যেসব অঞ্চলে গ্রহণ দৃশ্যমান, সেখানে বিশেষ সুরক্ষা চশমা বা ফিল্টার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।