প্রতিবছর ৫ সেপ্টেম্বর বিশেষভাবে স্মরণ করা হয় তাঁদের। বাবা-মায়ের পরেই শিশুদের জীবনে সবচেয়ে বড় ভূমিকা থাকে শিক্ষকের। তাঁরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না, জীবনের মূল্যবোধ, শৃঙ্খলা ও চরিত্র গঠনের দিশাও দেখান।

ছবি- এআই
শেষ আপডেট: 4 September 2025 15:23
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক, এই শব্দটির সঙ্গে জড়িয়ে থাকে শ্রদ্ধা, বিশ্বাস আর জীবনের পথ দেখানোর গল্প। শিক্ষকের সম্মান জানানোর জন্য আলাদা কোনও দিনের প্রয়োজন পড়ে না (Teachers Day Gift Ideas)। তবুও, প্রতিবছর ৫ সেপ্টেম্বর বিশেষভাবে স্মরণ করা হয় তাঁদের। বাবা-মায়ের পরেই শিশুদের জীবনে সবচেয়ে বড় ভূমিকা থাকে শিক্ষকের। তাঁরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না, জীবনের মূল্যবোধ, শৃঙ্খলা ও চরিত্র গঠনের দিশাও দেখান। তাই এই বিশেষ দিনে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ছাত্রছাত্রীরা নানা আয়োজন করে থাকে। শিক্ষক দিবসে প্রিয় শিক্ষক বা শিক্ষিকাকে কী উপহার দেওয়া যায়? রইল কয়েকটি সহজ টিপস। যাঁরা চাইছেন, প্রিয় শিক্ষকের জন্য কিছু আলাদা উপহার দিতে— যা হবে মন থেকে দেওয়া। পেন বা ডায়েরির বদলে হতে পারে হাতে বানানো কার্ড, নতুন কোনও বই কিংবা একটি টবভর্তি গাছ।

হ্যান্ডমেড চকোলেট: শিক্ষক দিবসে অনেকেই দোকান থেকে চকোলেট কিনে দেন শিক্ষকদের। কিন্তু একটু ভিন্নভাবে চাইলে সেই উপহার হতে পারে আরও বিশেষ। বাজার থেকে কেনার বদলে ছাত্রছাত্রীরা নিজেরাই হাতে বানিয়ে দিতে পারে চকোলেট। এতে যেমন আন্তরিকতার ছোঁয়া থাকবে, তেমনই শিক্ষক-শিক্ষিকাদের কাছেও সেই উপহার হয়ে উঠবে স্মরণীয়।

হাতে বানানো কার্ড: আজকের দিনে যখন সব যোগাযোগ ঘুরপথে চলে যায় হোয়াটসঅ্যাপ, ই-মেল বা সোশ্যাল মিডিয়ায়, তখন হাতে লেখা একটি চিঠি যেন এক বিরল সম্পদ। শিক্ষক দিবসে প্রিয় শিক্ষকের উদ্দেশ্যে কয়েকটি লাইন লিখে জানাতে পারেন কৃতজ্ঞতা, স্মৃতি আর স্নেহের অনুভূতি। এমন আন্তরিক বার্তা তাঁর মনে অনেক দিন জায়গা করে নেবে।

প্রিয় শিক্ষক বা শিক্ষিকাকে সুগন্ধি মোমবাতি উপহার দিতে পারেন। এই মোমবাতি যেমন আলো আর সুবাস ছড়িয়ে পরিবেশকে সুন্দর করে তোলে, তেমনই শিক্ষক-শিক্ষিকারাও জ্ঞান ও প্রজ্ঞার আলোয় ছাত্রছাত্রীদের জীবন আলোকিত করেন।

বেশিরভাগ শিক্ষকই বই পড়তে ভালোবাসেন। তাই তাঁদের জন্য প্রিয় বিষয়ের কোনও বই, কবিতার সংকলন কিংবা কোনও বিশিষ্ট ব্যক্তির জীবনী হতে পারে চমৎকার উপহার। একটি বই যেমন নতুন ভাবনা ও অভিজ্ঞতার দোরগোড়া খুলে দেয়, তেমনই সেই উপহার শিক্ষকের মনে আপনাকে বারবার মনে করিয়ে দেবে।

শিক্ষকদের জন্য সবুজের স্পর্শ হতে পারে এক অনন্য উপহার। ছোট্ট একটি টবে লাগানো গাছ ঘর কিংবা কর্মস্থলের পরিবেশকে সতেজ করে তোলে। চাইলে ঘর সাজানোর জন্য ইনডোর প্ল্যান্ট যেমন মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু বা জেড প্ল্যান্ট উপহার দেওয়া যেতে পারে। এই গাছগুলো যত্ন নেওয়া সহজ এবং দীর্ঘদিন টিকে থাকে।