হ্যালোউইনের রাতে নন্দন চত্বরে জমজমাট ভূতের মেলা! নানা সাজে ভূত-প্রেতরা, আনন্দে মাতল কলকাতাবাসী, উৎসবমুখর শহর।

ছবি তুলেছেন শুভম সাহা
শেষ আপডেট: 1 November 2025 14:42
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধ্যায় ভূতের শহরে পরিণত হয়েছিল নন্দন চত্বর। কেউ সাজলেন পেত্নী, কেউ শাকচুন্নি, কেউ আবার সিনেমার খলনায়ক বা পৌরাণিক চরিত্র। হ্যালোউইন (Halloween)–এর উৎসবে মাতল কলকাতা।

‘স্পন্দন’ (Spondon) আয়োজিত হ্যালোউইনের পঞ্চম বর্ষে রবীন্দ্রসদন–নন্দন চত্বর ভরে উঠল রঙিন আলো, ভয় ধরানো সাজসজ্জা আর উচ্ছ্বাসে। পশ্চিমী সভ্যতায় সাধারণত ৩১ অক্টোবর হ্যালোউইন পালিত হয়, কিন্তু কলকাতায় আয়োজিত হয় একদিন আগেই। (ছবি তুলেছেন শুভম সাহা)

শুক্রবার সন্ধ্যায় নন্দন চত্বরে জড়ো হন শতাধিক তরুণ-তরুণী। কেউ মুখে ভয়ঙ্কর পেইন্ট, কেউ হাতে আলোকিত প্রপস। একে একে নেমে আসে ভূতের প্যারেড! কেউ নাচে, কেউ ছবি তোলায় ব্যস্ত, কেউ আবার মেতে ওঠে হঠাৎ তৈরি ফ্ল্যাশ মব-এ। পুরো এলাকা যেন পরিণত হয় এক ভয়ঙ্কর সুন্দর কার্নিভালে। (ছবি তুলেছেন শুভম সাহা)

স্পন্দনের আয়োজকরা জানালেন, হ্যালোউইনের এই স্ট্রিট শো শুরু হয়েছিল ছোট পরিসরে, এখন তা হয়ে উঠেছে শহরের অন্যতম জনপ্রিয় অক্টোবর-উৎসব। এবারের আয়োজন ছিল আরও বড়, আরও প্রাণবন্ত। (ছবি তুলেছেন শুভম সাহা)

অংশগ্রহণকারীদের মধ্যে কেউ কেউ বললেন, এ যেন অন্যরকম অভিজ্ঞতা। কোয়েল ভাণ্ডারী, যিনি এ দিন ‘বাঙালি কনে পেত্নী’র সাজে এসেছিলেন, বলেন, ‘স্পন্দন সারা বছর নানা সাংস্কৃতিক কাজ করে, কিন্তু এই অনুষ্ঠানটা একেবারে আলাদা। টানা পাঁচ বছর ধরে সফলভাবে হচ্ছে, এটা ভীষণ আনন্দের।’ (ছবি তুলেছেন শুভম সাহা)