2.jpg)
কংগ্রেস বিধায়ক ভিনেশ ফোগত
শেষ আপডেট: 21 November 2024 15:27
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন অলিম্পিয়ান তথা জুলানা আসনের বিধায়ক ভিনেশ ফোগতের নামে 'সন্ধান চাই' পোস্টার পড়তে শুরু করেছে। অভিযোগ, সম্প্রতি বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পরই তাঁর পাত্তা পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও সেই পোস্টারের ছবি ভাইরাল হতে শুরু করেছে। পোস্টারে ভিনেশের ছবির উপর লেখা রয়েছে, 'নিখোঁজ বিধায়কের সন্ধান চাই।'
পোস্টারে লেখা রয়েছে, জুলানা আসনে কংগ্রেস বিধায়ক নির্বাচিত হয়েছেন ভিনেশ ফোগত। গোটা বিধানসভা অধিবেশন কেটে গেলেও বিধায়ক ম্যাডামের দেখা পাওয়া যায়নি। যদি কেউ দেখতে পান, তাহলে অবিলম্বে জুলানার জনগণকে অবগত করুন। ইতিমধ্যে বিজেপি সহ বিরোধীরা এই পোস্টারকে প্রত্যাবর্তনের হাতিয়ার করতে শুরু করেছেন। মনে করা হচ্ছে, স্থানীয় কোনও লোকই এমন কাণ্ড করেছেন।
সূত্রের খবর, কংগ্রেস দলের পক্ষ থেকে ভিনেশ ফোগতকে প্রচারের মুখ করা হয়েছিল। নির্বাচনী ডিউটির কারণেই তিনি বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি। তবে এই ব্যাপারে ভিনেশ ফোগত কিংবা কংগ্রেস দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন ভিনেশ ফোগত। বিজেপি প্রার্থী ক্যাপ্টেন যোগেশ বৈরাগীকে তিনি ৬ হাজারের বেশি ভোটে পরাস্ত করেন।
নির্বাচনে ভিনেশ ৬৫ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। অন্যদিকে, বিজেপি ৫৯ হাজারের সামান্য ভোট পেয়েছিল। এছাড়া ১০ হাজারের সামান্য বেশি ভোট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছিলেন বসপা প্রার্থী। এই প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ভিনেশ। অলিম্পিক টুর্নামেন্ট শেষে দেশে ফেরার পরই তিনি কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন। মহিলা কুস্তিগীর হিসেবে ইতিমধ্যে তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন।