
ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল
শেষ আপডেট: 10 September 2024 12:57
দ্য ওয়াল ব্যুরো: লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। সম্প্রতি তিনি সমালোচকদের একেবারে যোগ্য জবাব দিয়েছেন।
কয়েকদিন আগে সাইনা মন্তব্য করেছিলেন, প্যারিস অলিম্পিক্সে ভিনেশকে ওজনের কারণে যে সোনার পদক ম্যাচের আগে অযোগ্য ঘোষণা করা হয়েছে, সেই দায় ভারতের এই মহিলা অ্যাথলিটকেই গ্রহণ করতে হবে। সাইনার এই মন্তব্যের পর অনেকেই বলতে শুরু করেছেন, অলিম্পিক্স টুর্নামেন্টে ব্রোঞ্জ পদকটা তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন সাইনা। তিনি বললেন, যাঁরা আমাকে এসব কথা বলছেন, তাঁরা প্রথমে অলিম্পিক্সের পদক জয়ের যোগ্যতা অর্জন করুন। তার থেকেও বড় কথা, অলিম্পিক্সের জন্য আগে যোগ্যতা অর্জন করুন।
প্রসঙ্গত, ২০১২ সালে আয়োজিত লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। দেশের প্রথম ব্যাডমিন্টন তারকা হিসেবে তিনি অলিম্পিক্স পদক জয় করেছিলেন। সম্প্রতি ২০২৪ প্যারিস অলিম্পিক্স নিয়ে মন্তব্য করার পর সাইনা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন। ওজন বৃদ্ধির জন্য তিনি ভিনেশ ফোগতকেই দোষীর কাঠগড়ায় তুলেছিলেন।
তবে লন্ডন অলিম্পিক্সে সাইনা নেহওয়ালের পদক জয়ের লড়াইটা খুব একটা সহজ ছিল না। তাঁকে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী ওয়াং শিনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। দ্বিতীয় গেমে চোট পাওয়ার কারণে শিনকে কার্যত বাধ্য হয়েই রিটায়ারমেন্ট গ্রহণ করতে হয়। এই ম্যাচের প্রথম গেমে সাইনা ২১-১৮ ব্যবধানে পরাস্ত হয়েছিল।