ফাইনাল কিছুটা হলেও নার্ভাস দেখিয়েছে শ্রীকান্তকে। ফেংয়ের বিরুদ্ধে আগ্রাসী শ্রীকান্তকে খুঁজে পাওয়া যায়নি। এক কথায় বলতে গেলে ফাইনালে শ্রীকান্ত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।

কিদাম্বি শ্রীকান্ত
শেষ আপডেট: 25 May 2025 15:40
দ্য ওয়াল ব্যুরো: ছয় বছর পর বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরের (BWF World Tour) পুরুষদের সিঙ্গলসের ফাইনালে (Men’s Single Final) উঠেছিলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। কিন্তু শেষ রক্ষা হল না। ফাইনালে তিনি চিনের লি শি ফেংয়ের (Li Shi Feng) কাছে হেরে গেলেন।
মালয়েশিয়া মাস্টার্স ২০২৫ (Malaysia Masters 2025) ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে শ্রীকান্ত এদিন হেরে গেলও তাঁর কৃতিত্বকে কোনও মতেই ছোট করা যাবে না। কারণ এই সুপার ৫০০ প্রতিযোগিতায় পিভি সিন্ধু-সহ সকল ভারতীয় শাটলারই ব্যর্থ হয়েছেন।
এদিন ফাইনালে শ্রীকান্তের লড়াই শেষ হয়েছে মাত্র ৩৬ মিনিটে। চিনের লি শি ফেং জিতেছেন ২১-১১, ২১-৯ ব্যবধানে। ফাইনাল কিছুটা হলেও নার্ভাস দেখিয়েছে শ্রীকান্তকে। ফেংয়ের বিরুদ্ধে আগ্রাসী শ্রীকান্তকে খুঁজে পাওয়া যায়নি। এক কথায় বলতে গেলে ফাইনালে এই ভারতীয় শাটলার কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।
৩২ বছর বয়সি শ্রীকান্ত টুর্নামেন্ট শুরু করেছিলেন কোয়ালিফায়ার রাউন্ড থেকে। দীর্ঘদিন চোট ও ফর্মহীনতার কারণে র্যাঙ্কিংয়ে অনেকটাই নিচে নেমে গিয়েছেন তিনি। একসময় তালিকার শীর্ষে থাকা শ্রীকান্তের বর্তমান র্যাঙ্কিং ৬৫।
প্রতিযোগিতার সেমিফাইনালে জাপানের ইউশি তানাকাকে পরাস্ত করে ফাইনালে পৌঁছেছিলেন শ্রীকান্ত। শেষ ষোলোয় তিনি হারিয়েছিলেন ফ্রান্সের টোমা জুনিয়র পপোভকে। তার আগে তিনি হারান চিনের ষষ্ঠ বাছাই লু গুয়াং জু এবং আয়ারল্যান্ডের নাত নুগুয়েনকে।
শেষবার ২০১৯ সালে ইন্ডিয়া ওপেনে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে খেলেছিলেন শ্রীকান্ত, যেখানে তিনি ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে রানার্সআপ হয়েছিলেন। এরপর ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি রুপো জেতেন।