মহিলাদের ট্র্যাপ ইভেন্টে ভারত ব্যক্তিগত এবং দলগত উভয় বিভাগেই সোনা জিতেছে।

নীরু ধাণ্ডা
শেষ আপডেট: 26 August 2025 15:07
দ্য ওয়াল ব্যুরো: কাজাখস্তানের শ্যামকেন্টে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের (Asian Shooting Championship) অষ্টম দিনে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতের শুটাররা (Indian Shooter)। তাঁরা অষ্টম দিনে জিতেছেন ৩টি সোনা, ৩টি রুপো এবং ২টি ব্রোঞ্জ পদক।
মহিলাদের ট্র্যাপ ইভেন্টে ভারত ব্যক্তিগত এবং দলগত উভয় বিভাগেই সোনা জিতেছে। নীরু ধাণ্ডা ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন। সেই সঙ্গে ভারত জুনিয়র মহিলাদের ২৫ মিটার পিস্তলেও সোনা জিতেছে।
মহিলাদের ট্র্যাপ ইভেন্টে ভারত তিনটি পদক পেয়েছে। যোগ্যতা অর্জন পর্বে নীরু ধাণ্ডা এবং আশিমা আহলাওয়াত ১০৭ পয়েন্ট নিয়ে যথাক্রমেপঞ্চম এবং ষষ্ঠ স্থানে ছিলেন। তবে ফাইনালে নীরু দুর্দান্ত পারফর্ম করেন। শুরুতে ভারতের নীরু এবং আশিমা, কাতারের রে বাসিল এবং জাপানের নানামি মিয়াসাকার মধ্যে কঠিন প্রতিযোগিতা ছিল। পরে, চাইনিজ তাইপের লিউ ওয়ান-ইউও চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হন। নীরু শেষ ২৫টি লক্ষ্যের মধ্যে ২২টি এবং শেষ ১০টি লক্ষ্যের মধ্যে ১০টিতেই হিট করেন। ৪৩টি হিট নিয়ে সোনা জিতে শেষ হাসি হাসেন ভারতের এই শুটার। আশিমা এবং রে বাসিল ২৯টি হিট করে সমান ছিলেন কিন্তু বিব সংখ্যার ভিত্তিতে আশিমা ব্রোঞ্জ এবং রে রুপো পেয়েছেন।
ভারতীয় ত্রয়ী (নীরু, আশিমা, প্রীতি) ৩১৯ পয়েন্ট নিয়ে দলগত বিভাগে সোনা জিতেছে। ৩০১ পয়েন্ট নিয়ে এই বিভাগে রুপো জিতেছে চিন।
জুনিয়র মহিলাদের ২৫ মিটার পিস্তলের তিনটি পদকই জিতেছে ভারত। এই বিভাগের ফাইনালে পায়েল খাত্রি, নাম্যা কাপুর এবং তেজস্বিনী দুর্দান্ত পারফর্ম করেছেন। পায়েল ষষ্ঠ থেকে নবম সিরিজে চারটি করে হিট এবং দশম সিরিজে ৫/৫ হিট-সহ ৩৬টি হিট করে সোনা জিতে নেন। নাম্যা ৩০টি হিট করে রুপো এবং তেজস্বিনী ২৭টি হিট করে ব্রোঞ্জ পদক জিতেছেন। পাশাপাশি এই ইভেন্টের দলগত বিভাগে পায়েল, তেজস্বিনী এবং রিয়া শিরীষ থাট্টে ১৭০০ পয়েন্ট নিয়ে রুপো জিতেছেন। এই বিভাগে সোনা জিতেছে কোরিয়া।
পুরুষদের ট্র্যাপে ভারতের ভাবনীশ মেন্দিরাত্তা ১১৮ পয়েন্ট (২৫, ২৪, ২৩, ২২, ২৪) নিয়ে যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ স্থানে ছিলেন। ফাইনালে তিনি প্যারিস অলিম্পিকের রুপোজয়ী চিনের কুই ইংয়ের মুখোমুখি হন। ফাইনালে ভাবনীশ দুর্দান্ত পারফর্ম করে ৪৫টি হিট করলেও সোনা জিততে পারেননি। কুইয়ের ৪৭টি হিটের পিছনে থেকে রুপো জিতেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়।
২৮টি সোনা, ১০টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়নশিপে পদক তালিকার শীর্ষে রয়েছে ভারত।