
হাতে লেখা ওই চিঠির ছবি
শেষ আপডেট: 20 April 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর এক জোম্যাটো ডেলিভারি এক্সিকিউটিভ আইটি কোম্পানি থেকে আসা খাবারের অর্ডারের সঙ্গে হাতে লেখা ছোট্ট একটা চিঠি রেখে গিয়েছিলেন। সেই চিঠিতে তিনি নিজের জন্য একটি সামার ইন্টার্নশিপের আবেদন জানিয়েছেন। ঘটনাটি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।
এই চিঠির ছবি লিঙ্কডইনে শেয়ার করেন বেঙ্গালুরুর এক আইটি কোম্পানির সলিউশন ইঞ্জিনিয়ার, নিখিল সি। তিনি জানান, এক সন্ধ্যায় তিনি ও তার সহকর্মী যশ কোন্দেওয়ার জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলেন। খাবার আসার সঙ্গে সঙ্গেই তারা একটি চিঠি পান, যেখানে ডেলিভারি পার্টনার নিজেকে একজন কলেজ পড়ুয়া হিসেবে পরিচয় দিয়ে লেখেন:
‘আমি একজন কলেজ ছাত্র, মার্কেটিং-এ (সেলস নয়) সামার ইন্টার্নশিপ খুঁজছি। কেউ যদি কোনও সুযোগ দিতে পারেন, অনুগ্রহ করে যোগাযোগ করুন।’
চিঠির শেষে তিনি নিজের ফোন নম্বরও দিয়ে দেন। এবং পেছনের দিকে একটি দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমার ভীষণ খারাপ হাতের লেখার জন্য দুঃখিত।’
চিঠির মাধ্যমে এই সহজ সাধাসিধে আবেদন নিখিলকে নাড়িয়ে দেয়। তিনি লিঙ্কডইনে লেখেন, ‘ডেলিভারির তাড়াহুড়োর মধ্যেও ওই যুবক নিজের স্বপ্নের দিকে একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন — হাতে লেখা চিঠি পাঠানোর কথা ভাবা নিঃসন্দেহে সাহসী পদক্ষেপ। অবশ্যই এটা আশার কথা যে সে এভাবেও ভেবে দেখেছে ইন্টার্নশিপের কথা। এই ঘটনাই মনে করিয়ে দেয় আমাদের যে, সব সময় সুযোগগুলো হয়তো খুব বড় দরজা দিয়ে আসে না- কখনও কখনও তা পৌঁছে যায় একখানা চিঠির ভাঁজে, ডেলিভারি করা খাবারের প্যাকেটের সঙ্গে।’
এই পোস্ট ভাইরাল হতেই লোকে প্রশংসায় ভরিয়ে দেন ওই ডেলিভারি কর্মীকে। কেউ লেখেন, ‘নিজেকে এমন খোলাখুলি সামনে নিয়ে আসার জন্য অনেক সাহস লাগে। আশা করি, সে তার উপযুক্ত ইন্টার্নশিপ পেয়ে যাবে।’ আরও একজন মন্তব্য করেন, ‘আমি নিজেও একজন কলেজ ছাত্র। এই ঘটনা আমাকে ভীষণ অনুপ্রাণিত করল। এটা খুব সহজ কাজ নয়। এভাবে এগিয়ে আসা, তাও অন্যরকম এই ভাবনাচিন্তা নিয়ে। সেই ডেলিভারি পার্টনারকে আমার কুর্নিশ।’
প্রসঙ্গত, কমেন্টে এক ব্যক্তি, করণ আন্দানি, নিজেকে সেই চিঠির প্রেরক বলে পরিচয়ও দেন।
এই ঘটনা শুধু এক তরুণের স্বপ্নপূরণের আকাঙ্ক্ষার কথাই বলে না, বরং আমাদের মনে করিয়ে দেয়- ইচ্ছা থাকলেই উপায় হয়। শুধু দরকার একটু অন্যরকম চিন্তাভাবনা আর একটা সাহসী পদক্ষেপ।