
শেষ আপডেট: 7 October 2023 20:32
দ্য ওয়াল ব্যুরো: ফিউশনের যুগে কত রকম খাবারই না এসেছে বাজারে। দেশি-বিদেশি সেইসব খাবার চেখে দেখতে অনেকেই বেশ পছন্দ করেন। কখনও নামী-দামি রেস্তারাঁয় ঢুঁ মেরে, আবার কেউ কেউ বাড়িতে বানিয়ে ফেলেন রকমারি খাবারদাবার। কিন্তু কখনও সাবান খেয়ে দেখেছেন? ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন নিশ্চয়ই! অবশ্য এমন অদ্ভুত কথা শুনে অবাক না হয়ে উপায় কী! কিন্তু বাস্তবেই যে এক তরুণী দিব্যি সাবান খেয়ে দেখিয়েছেন। কলকাতার সেই তরুণীর কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন সকলে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বঙ্গতনয়ার সাবান খাওয়ার দৃশ্য।
সোশ্যাল মিডিয়ায় কত রকম কাণ্ডকারখানাই না সামনে আসে। সেইসব দৃশ্য চাক্ষুষ করলে যেন নিজের চোখকেই বিশ্বাস হয় না। ঠিক যেমন সম্প্রতি এক তরুণী আস্ত সাবান কামড়ে খেয়ে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য। যা দেখে চোখ কপালে উঠেছে সকলের।
হাত ধোয়ার লিকুইড সাবান, আর বার সাবানের মধ্যে কোনটি বেশি ভাল খেতে, তা দেখতেই আজব কাণ্ড করে বসলেন তরুণী। কিন্তু কী এমন করছেন তিনি? ভিডিয়োতে যাকে দেখা গিয়েছে তাঁর নাম সুচি দত্ত। এই শহরেই বাসিন্দা তিনি। সুচি একজন প্রতিভাবান কেক বেকার। ইনস্টাগ্রামে নিজের বানানো কেক দিয়ে তাঁকে প্রায়ই রিল বানাতে দেখা যায়।। আর তাঁর সেইসব সৃষ্টিগুলি কেক বলে বোঝারই উপায় নেই! সংশ্লিষ্ট ভাইরাল রিলেও তেমনই কিছু দেখতে পান সকলে।
প্রাথমিকভাবে মনে হবে যেন তরুণী নিশ্চয়ই সাবান চিবিয়ে খেয়ে ফেলছেন। এদিকে ভিডিয়োর শেষেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যখন সুচি সেই সাবানটি কেকের মতো কেটে ফেলে। আর এমনই একটি ভিডিয়ো যে ভাইরাল হবে তা বলাই বাহুল্য! তাই আসল রহস্য জানতে দেখতে হবে পুরো ভিডিয়ো।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ইতিমধ্যে প্রায় ৩০ লাখ মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। এসেছে অজস্র মানুষের প্রতিক্রিয়া। তবে সাবান না কেক তা বুঝতেই ভিরমি খেয়েছেন বেশিরভাগ নেটিজেন। ভিডিয়োর সঙ্গেই বঙ্গতনয়া লিখেছেন, “আমি সাবান খেতে পছন্দ করি।”