রেলওয়ের নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রী নিজের বোর্ডিং স্টেশন মিস করেন, তাহলে টিকিট বৈধ থাকলে তিনি পরের দুটি স্টেশন থেকেও ট্রেনে উঠতে পারেন। নতুন টিকিট কাটার দরকার হয় না।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 4 November 2025 17:03
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা থেকে পাটনা যাওয়ার পথে বিপাকে পড়লেন এক যুবক। অনন্যা এক্সপ্রেসে (Ananya Express incident) তাঁর যাওয়ার কথা ছিল, কিন্তু বোর্ডিং স্টেশনে ট্রেনটি মিস করেন যাত্রী। রেলের (Indian Railways) নিয়ম অনুযায়ী, টিকিট বৈধ থাকলে পরের দুটি স্টেশন থেকেও যাত্রী ট্রেনে উঠতে পারেন। কিন্তু এই যাত্রীর ক্ষেত্রে ঘটল উল্টো ঘটনা। অভিযোগ, ট্রেনের টিটিই তাঁর বৈধ টিকিট দেখেও তা গ্রহণ করতে অস্বীকার করেন। এমনকি ওই যুবকের কাছ থেকে জরিমানাও দাবি করেন। গোটা ঘটনাটি নিজের মোবাইলে রেকর্ড করতে শুরু করলে টিটি নাকি তাঁকে হুমকিও দেন।
দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, আর তাতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় (Passenger harassment)। টিটিই নাকি ওই যুবককে চলন্ত ট্রেনে ওঠার জন্য বলেন, যা খুবই বিপজ্জনক। অভিযোগকারী জানান, “আমি নিয়ম মেনে টিকিট কেটেছিলাম। রেলের নিয়ম অনুযায়ী পরের স্টেশন থেকেও ট্রেনে উঠতে পারতাম। কিন্তু টিটিই আমার কথা শুনলেন না, উল্টে খারাপ ব্যবহার করলেন।"
ঘটনাটি সামনে আসার পর অনেক যাত্রীই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, এটা শুধু এক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার নয়, বরং রেল পরিষেবার দায়িত্ব ও জবাবদিহি নিয়েও বড় প্রশ্ন তুলেছে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রী নিজের বোর্ডিং স্টেশন মিস করেন, তাহলে টিকিট বৈধ থাকলে তিনি পরের দুটি স্টেশন থেকেও ট্রেনে উঠতে পারেন। নতুন টিকিট কাটার দরকার হয় না। কিন্তু এই ঘটনায় সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর যাত্রী রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। অনেকেই টিটিই-র আচরণের তীব্র সমালোচনা করেছেন এবং রেল মন্ত্রকের হস্তক্ষেপ চেয়েছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা আবার মনে করিয়ে দিল, রেলে যাতায়াতের সময় নিয়ম মেনে চলা যেমন জরুরি, তেমনই প্রয়োজন যাত্রীদের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা।