এক ঝলক দেখলে নেটিজেনদের হঠাৎ করেই মনে পড়ছে পর্দায় আরোহীর চরিত্রে অভিনয় করা শ্রদ্ধা কাপুরের কথা।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 7 November 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: আমাদের আশেপাশেই কতশত প্রতিভার বিকাশ হচ্ছে দিনদিন, আবার কোথাও প্রতিনিয়ত তা অচিরেই নিভে যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় যুগে ডিজিটাল তথ্য অহরহ নেটমাধ্যমের পাতায় উঠে আসছে বলে, পৃথিবীর কোনও এক কোণে হলেও, তাতে পড়ছে প্রচারের আলো।
তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কোন এলাকা, কী তার নাম জানা না গেলেও, তার গলার সুরে বেজায় মুগ্ধ হয়েছে নেটমাধ্যম।
পরনে হলুদ ছাপা একটি কুর্তি, হাতে মাইক। প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ঘুরে ঘুরে নিজের মতো গেয়ে চলেছেন ওই তরুণী, আশিকী ২ সিনেমার ‘শুন রাহা হ্যায় না তু’… কেউ পাশ কাটিয়ে নিজের কাজে এদিক ওদিক চলাফেরা করছেন, কেউ বা মাঝে তাকিয়ে শুনছেন। কারও আবার তাতে বিশেষ মন নেই।
এদিকে ট্রেন নিজের মতো ছুটে চলেছে আর তার মাঝেই অবলীলায় গান গেয়ে যাচ্ছে মেয়েটি। হাবেভাবে খানিক বোঝা যায় যে, এই ভাবে ট্রেনে গান শোনাতে সে বেশ অভ্যস্ত এতদিনে। হয়তো এই রুটে সে মাঝে মাঝেই গান শোনাতে ওঠে, এই তার পেশা। কেউ খুশি হয়ে কিছু দিলে তা হাসিমুখে নিয়ে নেবে সে। অল্প অল্প করে জুড়বে খাতায়। হাল ফিরবে সংসারের।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, কেউ কেউ তার গানের প্রশংসা করেছেন, আবার কারও মতে ‘এই গান এমনিই লাউড স্পিকারে বাজে, এতে মেয়েটির কোনও বাহাদুরি নেই। যারা এরকম ট্রেনে ঘুরে ঘুরে গান গায়, তারা শুধু ঠোঁট নাড়ে।’ কেউ আবার এই কথার তীব্র বিরোধিতা করে বলেছেন, ‘মেয়েটি নিজেই গাইছে, আমি নিজে গান গাই, তাই আমি জানি ও শুধু ঠোঁট নাড়াচ্ছে না।’
তবে অনেকেই একমত হয়েছেন যে, বাংলার ট্রেনে চড়ে সফর মানেই সেখানে কান পাতলেই গান শোনা যায়। বাংলায় প্রতিভার অভাব নেই কিন্তু। মেয়েটিকে সাপোর্ট করার আর্জিও জানিয়েছেন কয়েকজন।
এক ঝলক দেখলে নেটিজেনদের হঠাৎ করেই মনে পড়ছে পর্দায় আরোহীর চরিত্রে অভিনয় করা শ্রদ্ধা কাপুরের কথা। সিনেমাতেও তো ‘আরোহী’ যখন যখন হোটেলে এই গানটা গাইছিল, তখনই চোখে পড়ে বিখ্যাত গায়ক রাহুল জয়করের। সেখান থেকেই মোড় ঘুরে যায় গায়িকা হতে চাওয়া আরোহীর জীবনের। সেই কথাই মনে করছেন নেটপাড়ার মানুষজন। বলা যায় না, এইভাবেই যদি কোনও গুণী মানুষের চোখে পড়ে যায় এই মেয়েটি, হয়তো তারও জীবন পাল্টে যাবে একদিন।