
শেষ আপডেট: 28 July 2022 08:39
দ্য ওয়াল ব্যুরো: জীবন যখন চ্যালেঞ্জ, তখন সেটাকেই বানিয়ে নিতে হয় সুযোগ। এই ধরনের কথা প্রায়ই শোনা যায়। জীবনের লড়াইকে যে সব মানুষ সাদরে গ্রহণ করে লড়তে জানেন তাঁরা আসলে বেঁচে থাকার পথ খুঁজে নিতে জানেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তি (Specially abled) ভিড় রাস্তায় হুইল চেয়ার চালিয়ে যাচ্ছেন। গায়ে রয়েছে জোম্যাটোর (Zomato) ট্যাগ লাগানো খাবার ডেলিভারির (Delivery Boy) জামা।
নিজের প্রতিকূলতাকে জয় করে তিনি খুঁজে নিয়েছেন রোজগারের উপায়। সোশ্যাল মিডিয়াতে তাঁর ছবি পোস্ট করে একজন লিখেছেন, ‘কোনও কিছুই অসম্ভব নয়, যখন কোনও মানুষ নিজেই হয়ে ওঠেন মূর্তিমান সম্ভব।’
দেখুন ভিডিও।
এই ছবি দেখে অনেকেই জোম্যাটোকেও বাহবা দিয়েছেন। কারণ একজন বিশেষ ভাবে সক্ষম মানুষকে কাজ করার সুযোগ করে দিয়েছে এত বড় একটা কোম্পানি।
জীবনের সঙ্গে লড়ে চলা ওই মানুষটির নাম মুরুগুন। ৬ বছর আগে মেরুদণ্ডে আঘাত পেয়ে তিনি হাঁটাচলা করার ক্ষমতা হারিয়েছিলেন। কিন্তু তিনি আশা ছাড়েননি। জীবনের সমস্যাগুলোকে সাহসের সঙ্গে অতিক্রম করার চেষ্টা আজও করে চলেছেন মুরুগুন।
মুরুগুন যে হুইলচেয়ারে চড়ে নতুন জীবন শুরু করেছেন, সেই বাহনের যাত্রাও কিন্তু একদম নতুন। মাদ্রাসের একটি নতুন কোম্পানি এই হুইল চেয়ার তৈরি করেছেন। এটা পুরোপুরি ব্যাটারি চালিত। একবার সম্পূর্ণ চার্জ দিলে ২৫ কিমি পর্যন্ত যেতে পারে হুইলচেয়ার।
পৃথিবীতে আমাদের আশপাশ যখন অজস্র খারাপ খবরে ভরে উঠছে, তখন এই ধরনের খবর আবারও পৃথিবীতে ‘ভাল দিনের আলো’র আশা জাগায় মনে।
কেরলে ক্রাইম পেট্রোল! অল্প তেলে বাইক চালানোর জন্য ফাইন করে দিল পুলিশ