বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের (Elon Musk) মোট সম্পত্তির পরিমাণ কত? অঙ্কটা কষার আগেই ব্রিটিশ তরুণী (British) সোফি ডাউনিংয়ের ‘সম্পত্তি’র কাছে হার মানবে যে কোনও বিশ্বসেরা ধনকুবের (Richest Person)।

ব্রিটিশ তরুণী সোফি ডাউনিং
শেষ আপডেট: 23 February 2026 17:16
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্কের (Elon Musk) মোট সম্পত্তির পরিমাণ কত? অঙ্কটা কষার আগেই ব্রিটিশ তরুণী (British) সোফি ডাউনিংয়ের ‘সম্পত্তি’র কাছে হার মানবে যে কোনও বিশ্বসেরা ধনকুবের (Richest Person)। সৌজন্যে একটি কফি শপের গিফট কার্ড এবং যান্ত্রিক ত্রুটি। নটিংহ্যামের বাসিন্দা বছর ২৯-এর সোফি বড়দিনের উপহার হিসেবে একটি কফি শপের (Coffee Shop) ১০ পাউন্ডের (ভারতীয় মুদ্রায় যা মেরেকেটে ১০০০ টাকার কাছাকাছি) গিফট কার্ড পেয়েছিলেন। কিন্তু সেই কার্ড ব্যবহার করতেই স্ক্রিনে ফুটে উঠল ৬৩ কোয়াড্রিলিয়ন পাউন্ডের (৬৩-র পিঠে ১৫টি শূন্য) ব্যালেন্স!
মাস্কের চেয়েও ১ লক্ষ গুণ বেশি সম্পদ!
হিসেব বলছে, সোফির গিফট কার্ডে যে পরিমাণ টাকা দেখাচ্ছিল, তা বিশ্ব অর্থনীতির তুলনায় অন্তত ৬৭০ গুণ বেশি। আর ইলন মাস্কের সম্পদের হিসেব ধরলে সোফি অন্তত এক লক্ষ গুণ বেশি ধনী। কফি শপের কাউন্টারে দাঁড়িয়ে থাকা কর্মীর মুখটি তখন দেখার মতো। সোফি মজা করে বলছেন, “ক্যাশিয়ার লোকটা তো পুরো থ হয়ে গিয়েছিল। জীবনে এমন আজব ঘটনা কখনও দেখিনি।”
নেপথ্যে যান্ত্রিক বিভ্রাট
ঠিক কী হয়েছিল? ‘২০০ ডিগ্রি কফি’ নামের ওই বিপণি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি নিছকই ‘অ্যাডমিনিস্ট্রেটিভ এরর’ বা প্রশাসনিক ভুল। আসলে গিফট কার্ডে কত টাকা রয়েছে, সেই ঘর পূরণ করার বদলে ভুলবশত কার্ডের নম্বরটিই টাকার অঙ্কের ঘরে টাইপ হয়ে গিয়েছিল। তার জেরেই বিলের রসিদে কয়েক হাজার কোটির সম্পত্তি দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় হয়েছিল সোফির।
‘কাগজে-কলমে’ ধনী সোফি
সোফি অবশ্য গোটা বিষয়টি বেশ উপভোগই করেছেন। তাঁর কথায়, “কাগজে-কলমে বিশ্বের সবথেকে ধনী মহিলা হওয়ার আনন্দটা কদিন তারিয়ে তারিয়ে উপভোগ করছি। আমার সঙ্গীকে পাঠিয়েছিলাম রসিদটা, ও-ও খুব হাসাহাসি করছে।”
তবে গিফট কার্ডটি নিয়ে কোনও জালিয়াতি করার চেষ্টা করেননি সোফি। কফি শপ কর্তৃপক্ষও জানিয়েছে, রসিদে ভুল অঙ্ক দেখালেও সোফির কার্ড থেকে সঠিক দামই কাটা হয়েছে। স্মৃতি হিসেবে ওই ‘কোটি টাকার রসিদ’ সোফিকে দিয়ে দেওয়া হয়েছে, তবে তার বদলে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সঠিক অঙ্কের আরও একটি আসল রসিদ।
আপাতত ওই রসিদটি হাতে নিয়ে সোফি যখনই কফির কাপে চুমুক দিচ্ছেন, অজান্তেই তাঁর ঠোঁটের কোণে ফুটে উঠছে এক অদ্ভুত প্রশান্তির হাসি, ১৭ অংকের এক অলীক ‘ধনকুবের’ হওয়ার হাসি!