জীবনযাত্রার খরচ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে ভবিষ্যতের জন্য সঞ্চয়ই প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 July 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মধ্যবিত্তরা আগামী দিনে এক বড়সড় অবসরজনিত আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে, তাও ৪৫ বছর বয়সেই। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং সম্পদ উপদেষ্টা কানন বহল। জীবনযাত্রার খরচ বেড়েছে, আয় সেই তুলনায় একটা জায়গাতেই থেমে রয়েছে, দীর্ঘায়ু এবং দীর্ঘমেয়াদি সঞ্চয়ের অভাব - এই চারটি বড় কারণকে তিনি মূলত ভাবনাচিন্তার জায়গায় এনে দাঁড় করিয়েছেন।
সম্প্রতি বিস্তারিত লিঙ্কডইন (LinkedIn) পোস্টে কানন বহল লিখেছেন, “৪৫ ইজ দ্য নিউ ৬০”। তিনি বলেন, “আপনার অবসর পরিকল্পনা এমনভাবে করবেন না যেন আপনি ভেবে চলেছেন যে, ৬০ বছর পর্যন্ত উপার্জন করতে পারবেন।” তাঁর মতে, প্রযুক্তির অগ্রগতির ফলে চাকরির সংখ্যা বাড়বে ঠিকই, কিন্তু বহু মানুষই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারবেন না - “কারণ যাই হোক না কেন”। ফলে অনেকের কর্মজীবন নির্ধারিত সময়ের আগেই থেমে যেতে পারে।
তাই চাটার্ড অ্যাকাউন্টেডের পরামর্শ, “জীবন উপভোগ করুন ঠিকই, কিন্তু এমনভাবে সঞ্চয় ও বিনিয়োগ করা শুরু করুন যেন ৪৫-এর পর আর উপার্জন নেই।”

তিনি বর্তমান সমাজের এক উদ্বেগজনক প্রবণতার দিকে আঙুল তুলেছেন - অতিরিক্ত খরচ এবং জীবনযাত্রার বিলাসিতা, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। তাঁর কথায়, “Gen Z ইনস্টাগ্রামে ‘কুল’ দেখানোর জন্য ঋণ নিয়ে কনসার্টে যাচ্ছে। কেউ কেউ বছরে ২৫ লাখ টাকা আয় করেও মাসের শেষে হাতে কিছু রাখছেন না।”
কাননের হুঁশিয়ারি, জীবনযাত্রার খরচ এমন জায়গায় পৌঁছেছে, যেখানে ভবিষ্যতের জন্য সঞ্চয়ই প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
তিনি চাকরিজীবীদের সরকারের সঞ্চয় প্রকল্পগুলির সদ্ব্যবহারের পরামর্শ দিয়েছেন—যেমন EPF (Employees' Provident Fund) এবং NPS (National Pension System)। এই স্কিমগুলির দীর্ঘমেয়াদি করছাড়ের সুবিধাও উল্লেখ করেছেন।
তাঁর কথায়, “এই প্রকল্পগুলোতে টাকা অনেকদিন আটকে থাকে (NPS-এর ৪০% কেবল মৃত্যুর পর নমিনি তুলতে পারে), কিন্তু এই বাধ্যবাধকতাই আপনাকে ডিসিপ্লিনড রাখে, খরচে লাগাম দেয়।” তিনি DSP Pension Fund-এর একটি সমীক্ষার কথাও উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে ভারতের অবসর সঞ্চয়ের ঘাটতি পৌঁছতে পারে ৯৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে।
এই পোস্ট ভাইরাল হওয়ার পর, অনেকেই জীবনযাত্রার খরচ এবং প্রচলিত অবসর ধারণা নিয়ে নতুন করে ভাবছেন। একজন মন্তব্য করেছেন, “একেবারেই সত্যি! আজকের ছোটখাটো ‘ফ্লেক্স’-এর জন্য ভবিষ্যতের আর্থিক শান্তি নষ্ট করে ফেলছি।” আরেকজন লিখেছেন, “Gen Z এতটাই বিলাসিতায় ডুবে গেছে যে অবসর পরিকল্পনার দিকেই নজর নেই।”
কেউ বলছেন, “প্রাইভেট সেক্টরে ৪৫-এর পরে হয় অন্য কোথাও যেতে হবে, না হলে প্রস্তুত থাকুন প্যাকেজ নেওয়ার জন্য। বর্তমান স্যালারি স্ট্রাকচার টেকসই নয়।”