
শেষ আপডেট: 21 July 2022 07:01
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবী থেকে ৫০০ কোটি কিলোমিটার দূরে বাস তার। মহাশূন্যের গহীনে পৃথিবীর মতো সেও ঘুরে চলেছে অনবরত। সূর্যকে মাঝখানে রেখেই চলছে তার নিত্যসাধনা। তবে পৃথিবীর মতো সে গ্রহ নয়, বামন গ্রহ (Pluto)।
কথা হচ্ছে প্লুটোকে নিয়ে। সূর্যের সংসারে (Solar system) পৃথিবীর চেয়ে অনেক দূরে ঠাঁই তাঁর। ছোট্ট সেই গ্রহের অপূর্ব ছবি শেয়ার করল নাসা (NASA)। রামধনু রঙ ফুটে উঠল সূর্যের সংসারের বামন গ্রহের গায়ে।
প্রায় প্রতিদিনই মহাশূন্যের কিছু না কিছু অভূতপূর্ব ছবি সামনে এনে পৃথিবীর মানুষকে চমকে দেন নাসার বিজ্ঞানীরা। এদিন তাঁদের ঝুলি থেকে বেরিয়ে এসেছে রঙিন প্লুটো।
নাসার তরফে এই ছবি শেয়ার করে লেখা হয়েছে, এই রামধনুর শেষ কোথায়? প্লুটোর এক এক প্রদেশের এক একরকম রঙের অবস্থান বোঝাতেই এই ছবি। প্লুটোর ভূপৃষ্ঠ জটিল এবং রহস্যময়। এখানে পাহাড়, উপত্যকা, সমভূমি যেমন রয়েছে, তেমনই রয়েছে বরফে ঢাকা মসৃণ ভূ-ত্বক।
নিউ হরাইজন স্পেস প্রোব এই ছবিটি তুলেছে। নাসার এই স্পেসক্রাফটটি ৬ মাস ধরে প্লুটোর চারদিকে প্রদক্ষিণ করে অনেক তথ্য সংগ্রহ করেছে। এই ছবিও এসেছে সেখান থেকেই। এদিকে চেনা প্লুটোর এমন অচেনা রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিটিকে তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: টলটলে জল, পুঞ্জ পুঞ্জ মেঘ! হাজার আলোকবর্ষ দূরে আশ্চর্য গ্রহের খোঁজ পেল নাসা