ফ্রজেন চিকেন প্যাকেট-সহ ঝোলে ফেলে রান্না করে বসেছেন গৃহ সহায়িকা—ভিডিও দেখে হাসির রোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ভাইরাল সেই ক্লিপ।

সেই প্লাস্টিকে ভরা চিকেন
শেষ আপডেট: 22 February 2026 16:21
দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরে ভুলভাল মজার ঘটনা নতুন কিছু নয়। খাবার পুড়ে যাওয়া থেকে শুরু করে নুন বেশি হওয়া—সবই ঘটে মাঝেমধ্যে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখলে পেটে খিল ধরবে! কারণ, সেখানে দেখা যাচ্ছে এক গৃহসহায়িকা (Domestic Help) ভুলে প্যাকেট-সহ মুরগির মাংস চিকেন কষার মশলায় দিয়ে বসেছেন! ঘটনায় হতবাক সকলে। আর নেট দুনিয়া এই ভিডিও দেখে ইতিমধ্যেই ঠাট্টা-তামাশায় ভরিয়ে দিয়েছে।
ঘটনার ভিডিওটি শেয়ার করেছেন কনটেন্ট ক্রিয়েটর সৌরভ দেবরানি (Saurav Devrani)। সঙ্গে লিখেছেন, “আমার কি এই রান্নার মাসিকে কাজ থেকে বের করে দেওয়া উচিত?” কয়েক সেকেন্ডের সেই ক্লিপে দেখা যাচ্ছে, প্লাস্টিক প্যাকেট-সহ চিকেন ভাসছে ঝোলে। সৌরভ জানান, তিনি ফ্রিজে ফ্রজেন চিকেন (Frozen Chicken) রেখে দেন। যখন ইচ্ছে বের করে খেয়ে নেন। গৃহসহায়িকা সেইটাই রান্না করেছিলেন। কিন্তু কেউ তাঁকে বলেননি যে রান্নার আগে প্যাকেট খুলতে হয়। ফলে না খুলেই হাঁড়িতে দিয়ে দিয়েছেন তিনি। সৌরভের কথায়, “এখন সত্যি বুঝতে পারছি না ওকে কী বলব!”
ভিডিও আপলোড হতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। কেউ লেখেন, “আমার দিদির পা ছুঁয়ে আসি!” আরেকজনের মন্তব্য, “ও খুব সম্ভবত তোমায় নিয়ে বিরক্ত!”
কেউ আবার তীব্র পরামর্শ দিয়ে লিখেছেন, “দয়া করে ওকে সরিয়ে দিন। আমার মনে হচ্ছে এটা ইচ্ছে করেই করেছে। হয়তো ও নন-ভেজ রান্না করতে চায় না।এখন থেকেই নতুন রাঁধুনির খোঁজ শুরু করুন।”
এক খাদ্যরসিক লিখেছেন, “আমি ডিমের কারি করতে বলেছিলাম। দিদি সিদ্ধ ডিম দইয়ের কারিতে মিশিয়ে দিয়েছিল!” কেউ মজা করে বলেছেন, “দিদি আমাদের কুকিং হেল্প নিয়ে সমস্ত আশা রিসেট করে দিল।”
অনেকেই স্বাস্থ্য ভাবনায় চিন্তিত, “মাইক্রোপ্লাস্টিকস (Microplastics) সব জায়গায় ছড়িয়ে যাবে! সাবধান থাকুন।” কেউ বলেছেন, “নিউট্রিয়েন্টস বাঁচাতেই হবে—যে করেই হোক!”
এমন বিচিত্র রান্নাঘরের ঘটনা অবশ্য মাঝেমধ্যেই ভাইরাল হয়। কিন্তু প্যাকেট-সহ চিকেন রান্না—এই কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া। ভিডিওর কমেন্ট সেকশন এখনও সরগরম।
আপনি কী ভাবছেন? ভিডিওটি দেখলে হাসবেন, না মাথায় হাত দেবেন?