
শেষ আপডেট: 26 April 2023 05:27
দ্য ওয়াল ব্যুরো: অনেকের বাড়িতেই সবচেয়ে আদরের প্রাণীটি পোষ্য সারমেয় (pet dog)। বাড়ি পাহারা দেওয়া তো বটেই, বাড়ির ছোট থেকে বড় সকলেরই নানা কাজে আসে পোষ্যরা। তবে, মালকিনের (owners life) জন্য উপযুক্ত কিডনি দাতা খুঁজে আনার কাজটা বিশেষ সহজ নয় একটি সারমেয়র জন্য। তবু, শুধুমাত্র গন্ধ শুঁকেই নিজের মালকিনের জন্য উপযুক্ত কিডনি দাতা (kidney donor) খুঁজে এনেছে সাউথ ওয়েলসের একটি ডোবারম্যান কুকুর।
দক্ষিণ ওয়েলসের বাসিন্দা লুসি ভুগছিলেন বিরল কিডনির অসুখে। পোষ্য ডোবারম্যান জ্যাকই ছিল তাঁর অন্যতম সঙ্গী। ডাক্তার বলে দিয়েছিলেন আর মাত্র বছর পাঁচেক আয়ু আছে লুসির। এরকমই একদিন বিকেলে জ্যাককে নিয়ে সমুদ্রের পাড়ে নিয়ম মাফিক ঘুরতে গিয়েছিলেন লুসি।
আচমকাই কেটি নামে এক মহিলাকে ধাওয়া করে জ্যাক। বারবার লুসি এমন আচরণ করতে বারণ করলেও কিছুতেই মালকিনের কথা কানে তুলছিল না জ্যাক। এরপর জ্যাককে থামিয়ে তার আচরণের জন্য অপরিচিত কেটির কাছে ক্ষমা চান লুসি। কথা প্রসঙ্গে কেটি জানতে পারেন লুসির বিরল অসুখের কথা। পাশাপাশি, তিনি যে একজন কিডনি দাতা খুঁজছেন দীর্ঘ দিন ধরে তাও প্রকাশ পায় আলাপচারিতায়।
কেটি এরপর লুসিকে জানান যে তিনি কিডনি দান করতে প্রস্তুত। দুজনে হাসপাতালে গিয়ে পরীক্ষা করলে জানা যায় কেটিই ২ কোটি মানুষের মধ্যে সেই সঠিক মানুষ যার কিডনি লুসির শরীরে মাপসই হতে পারে। অর্থাৎ জ্যাক তার মালকিনের জন্য একেবারে সঠিক মানুষটিকেই ধাওয়া করেছিল সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে।
কেটি এবং লুসির অস্ত্রোপচার এরপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়। বর্তমানে দুজনেই সুস্থ আছেন। আর জ্যাকও মালকিনের প্রাণ বাঁচিয়ে হয়ে উঠেছে চোখের মণি। এমনকি কেটির পরিবারের সঙ্গেও বেশ ভাব হয়ে গেছে এই চারপেয়ের।
ভারতে আবারও কাশির ওষুধে বিষাক্ত রাসায়নিক, বাচ্চাদের কী মারাত্মক ক্ষতি হবে জানাল হু