
ভাইরাল ভিডিওর অংশবিশেষ।
শেষ আপডেট: 27 July 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো: বিবাহ বিচ্ছেদের দুঃখে ঘরের কোণে মন মরা হয়ে বসা থাকা নয়, লোকে কী ভাববে ভেবে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা নয়। বরং ঢাক পিটিয়ে নিজের বিবাহ বিচ্ছেদের কথা জানাতে পরিচিতদের নিয়ে পার্টির আয়োজন করলেন পাকিস্তানের এক সদ্য বিবাহবিচ্ছেদ করা এক তরুণী!
সেই পার্টিতে বেগুনি লেহেঙ্গা পরে বলিউডের গানের তালে নাচলেনও। স্টেজের ব্যাক স্ক্রিনে লেখা, 'তালাক মুবারক'! ইতিমধ্যে নেটপাড়ায় ঝড় তুলেছে পোস্টটি। উঠে এসেছে একাধিক মন্তব্য।
এই তরুণী অবশ্য পাকিস্তানে থাকেন না। আদি বাড়ি ইসলামাবাদে হলেও বর্তমানে তিনি বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাঁর কথায়, "যে মানুষটার সঙ্গে একদণ্ড মনের মিল হয় না, লোকচক্ষুর ভয়ে কেন সারাজীবন তাঁর সঙ্গে থাকতে হবে? সমাজের প্রচলিত ধারণাকে আঘাত করতেই পার্টির মাধ্যমে তালাক মুবারকের আয়োজন!"
প্রসঙ্গত, পাকিস্তানের শরিয়া আইন অনুযায়ী, একজন নারী ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে পারেন না। তবে স্বামীর অনুমতি ছাড়া দু পরিবারের সদস্যদের নিয়ে আলোচনার মাধ্যমে বিয়ে ভেৃঙে দিতে পারেন। ‘খুলা’ নামে পরিচিত এই রীতির ক্ষেত্রে সংশ্লিষ্ট নারীকে অবশ্য সুনির্দিষ্ট কারণ দেখাতে হয়।
সদ্য বিবাহ বিচ্ছেদ করা ওই তরুণীর পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের একাধিক নাগরিক। এক নেটনাগরিকের মতে, ''বিবাহ বিচ্ছেদ একেবারেই উদযাপন করা উচিত নয়। হ্যাঁ, এটি আপনাকে একটি বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি দেবে ঠিকই, সেই অর্থে এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্যও ভাল। কিন্তু তা বলে এভাবে বিবাহ বিচ্ছেদের উদযাপন শুরু হলে মানুষ বিয়ে করতে ভয় পাবে।"
আর এক নেটনাগরিকের কথায়, "আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, এই মহিলা নাচছেন এবং ডিভোর্স পার্টি ছুঁড়ে দিচ্ছেন তালাক মুবারক বলে! আমি ঠিক দেখছি তো!'' অনেকের আবার প্রশংসাও কুড়িয়েছেন তরুণীটি। এক নেট নাগরিকের কথায়, "একদম সঠিক সিদ্ধান্ত! প্রাণ খুলে বাঁচাটাই জরুরি।"
তবে কী কারণে তিনি বিবাহ বিচ্ছেদের মতো এমন চরম পদক্ষেপ নিলেন তা স্পষ্ট করেননি আমেরিকার একটি দোকানের ওই মালকিন।